আমস্টারডাম বিমানবন্দরে লাগেজ থেকে উদ্ধার ২৬টি বিরল কচ্ছপ, যাত্রী আটক

নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফল বিমানবন্দরে এক যাত্রীর চেক করা লাগেজ থেকে ২৬টি ‘অত্যন্ত বিরল’ কচ্ছপ জব্দ করা হয়েছে। ডাচ সরকারি সংস্থা এ তথ্য জানিয়েছে।
নেদারল্যান্ডস ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট সেফটি অথরিটি (এনভিডব্লিউএ) জানিয়েছে, মেক্সিকো থেকে হংকংগামী এক ব্যক্তিকে শনিবার আটক করা হয়। শুল্ক কর্মকর্তারা তাঁর লাগেজে ভাল্লার্তা মাড টার্টলগুলো খুঁজে পান।
বিপন্ন এই প্রজাতিটিকে বিশ্বের সবচেয়ে ছোট স্বাদুপানির কচ্ছপ বলে মনে করা হয়; এদের সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি। নড়াচড়া ঠেকাতে কচ্ছপগুলোকে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
এনভিডব্লিউএ বলেছে, কচ্ছপগুলো তাদের আদি আবাস মেক্সিকোর বন থেকে ‘সম্ভবত চুরি করা’ হয়েছিল। বেশিরভাগ কচ্ছপ পাওয়া গেছে একটি খেলনা গাড়ির সঙ্গে রাখা একটি বাক্সে, আর বাকিগুলো ছিল স্যুটকেসের ভেতরে বন্ধ একটি মোজার মধ্যে।
আটক ব্যক্তি এখনো হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় তদন্ত চলছে বলে সংস্থাটি জানিয়েছে। অন্যদিকে কচ্ছপগুলো এখন একটি বিশেষায়িত অভয়ারণ্যে পরিচর্যা পাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা টার্টল আইল্যান্ড ২০২৫ সালে ধারণা দিয়েছিল, বনে ভাল্লার্তা মাড টার্টলের সংখ্যা ৩০০টির বেশি নয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) প্রকাশিত তালিকায় প্রজাতিটি মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত।
পরিবেশবিষয়ক সংবাদমাধ্যম মঙ্গাবের খবর অনুযায়ী, এশিয়ার কালোবাজারে একটি ভাল্লার্তা মাড টার্টল ১০ হাজার ডলার বা তারও বেশি দামে বিক্রি হতে পারে।
এ বছর হংকংয়ে জীবন্ত কচ্ছপ পাচারের আরও ঘটনার খবর এসেছে। অক্টোবরে হংকংয়ের শুল্ক কর্তৃপক্ষ বিপন্ন বলে মনে করা আটটি কচ্ছপ জব্দ করেছিল, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৫৪ হাজার ডলার। তার তিন মাস আগে হংকং শুল্ক দুটি পৃথক পাচারের ঘটনা শনাক্ত করে; সেবার মোট ৪২টি জীবন্ত কচ্ছপ জব্দ করা হয়, যেগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ছিল ২ লাখ ১০ হাজার ডলার।



