২ ডিসেম্বর কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাজসাজ রব জেলাজুড়ে
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় এখন সাজসাজ রব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সরকারপ্রধানকে বরণ করে নিতে শহরের প্রধান সড়ক, প্রবেশপথ, সড়ক বিভাজক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলছে ধোয়া-মোছা, নতুন রঙের প্রলেপ এবং সৌন্দর্যবর্ধনের কাজ।
শুরুতে ৩০ নভেম্বর সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ২ ডিসেম্বর চূড়ান্ত করা হয়। নির্ধারিত দিনে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি কর্মসূচিতে যোগদান শেষে তিনি কুষ্টিয়ায় পৌঁছাবেন।
সফরটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, প্রটোকল ও যানবাহন ব্যবস্থাপনায় সব দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান।
পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে দল ও এর অঙ্গসংগঠনগুলো জনসভা ও পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতির পাশাপাশি এই সফরকে ঘিরে কুষ্টিয়াবাসীর মধ্যে উন্নয়নের বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা, যাতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষকে আর অন্য শহরে ছুটতে না হয়।
একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী জগতি সুগার মিল ও মোহিনী মিলস পুনরায় সচল করার মাধ্যমে আখচাষি, শ্রমিক ও সাধারণ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে আনার জোর দাবি উঠেছে।
এ ছাড়া নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকারত্ব নিরসনে বাস্তবসম্মত ও সময়সীমাভিত্তিক কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম।




