…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে নতুন প্রজন্ম: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে নতুন প্রজন্ম: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামীর বাংলাদেশ গড়ে তুলবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। পড়াশোনা করে তারা চিকিৎসক, প্রকৌশলী, ইউএনও ও ডিসি হবে। তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রকৃতিনির্ভর পাঠশালা প্রতিষ্ঠা করা হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পরিকল্পনা ও উদ্যোগে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ উপহার।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা এখানে বসে বৃষ্টির মধ্যে কবিতা লিখবে, আবৃত্তি করবে ও নাচবে। শীতল পাটিতে বসে প্রকৃতির সান্নিধ্যে আনন্দের সঙ্গে পড়াশোনা করবে। প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে আমাদের নতুন প্রজন্ম।

তিনি বলেন, নতুন শ্রেণিতে ওঠার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। আগামী বছর থেকে বইয়ের পাশাপাশি স্কুলড্রেস, ব্যাগ ও দুপুরের খাবার দেওয়ার ব্যবস্থাও করা হবে।

প্রকৃতির সঙ্গে শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে শিশুদের পরিবেশসচেতনতা, প্রকৃতিপ্রেম ও সৃজনশীলতা বাড়ানোই এই পাঠশালা প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা এবং ঝরে পড়া রোধেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঠশালাটির স্বপ্নদ্রষ্টা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রকৃতির পাঠশালার কার্যক্রম শুরু করতে পেরে তাঁরা আনন্দিত। এখানে শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে মিশে বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। উদ্যোগটি সফল হলে সারা দেশে একই আদলে পাঠশালা প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে আশা করেন তিনি। তাঁর ভাষায়, প্রকৃতির মধ্যেই শিক্ষার্থীদের বেড়ে ওঠা নিশ্চিত করাই তাঁদের স্বপ্ন।

খড়ের ছাউনি দেওয়া দোচালা ঘরের আদলে তৈরি হয়েছে পাঠশালাটি। বাঁশের অবকাঠামোয় নির্মিত উন্মুক্ত প্রাঙ্গণে বিছানো হয়েছে শীতল পাটি। চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। ফলে শিক্ষার্থীরা ইট-কাঠের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সান্নিধ্যে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. শাহজালাল প্রধান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ।

এদিন শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভা ভবনে ব্রেস্টফিডিং ও কিডস কর্নার এবং উপজেলা ইনডোর স্টেডিয়ামেরও উদ্বোধন করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…

শিক্ষা

ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা

ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছ…

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ই…