বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে তিন দিনের কবি সম্মেলন শুরু
বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র এই সম্মেলনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এবারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক। এতে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ছড়াকার ইমরুল ইউসুফ।
উদ্বোধনের পর বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, ‘নিওর’, স্যুভেনির, দুটি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহর ‘নিজস্ব দুঃখগুলো’ কাব্যগ্রন্থের উন্মোচন করা হয়।
কথাসাহিত্যিক ও বাচিক শিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার।
কবি সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনসহ ছিল একটি সেমিনার পর্ব ও তিনটি মুক্ত আলোচনা পর্ব এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ। এছাড়া ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি।
সম্মেলনের দ্বিতীয় দিন বিকেল ৪টায় প্রতি বছরের মতো এবারও আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬ প্রদান করা হবে এবং তৃতীয় দিনে জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন কবিরা।
তিন দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুটি সেমিনার পর্ব, পাঁচটি মুক্ত আলোচনা পর্ব এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের পর্ব।
কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির বই এবং শীতকালীন পিঠা।




