জরিপে পিছিয়ে থেকেও বাম ভোটের ঢলে জয়ের আশা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, রোববারের আগাম সাধারণ নির্বাচনে বামপন্থী জোটই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে তিনি নিশ্চিত — যদিও জনমত জরিপে ডানপন্থীদের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। ‘আমরা হারব, এটা আমি কল্পনাও করতে পারি না,’ শুক্রবার রেডিও স্টেশন এসইআরকে বলেন সোশ্যালিস্ট নেতা সানচেজ।
রোববারের ভোটের আগে রাজনৈতিক দলগুলো প্রচারণা শেষ করার প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনের ফলাফলের দিকে গভীর নজর থাকবে, কারণ আগামী ১২ মাসে ইউরোপে একটি নির্বাচনী চক্র শুরু হচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।
নির্বাচনের পাঁচ দিনের মধ্যে জনমত জরিপ প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকায় সানচেজ জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী তাঁর স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) সবচেয়ে বেশি ভোট পাবে। তাতে ছোট বামপন্থী মিত্রদের সমর্থন নিয়ে তিনি আবার নির্বাচিত হতে পারবেন।
তিনি বলেন, বামপন্থী ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিতে ক্রমশ সংগঠিত হচ্ছেন। দেশের গভীর আবাসন সংকটের মতো বিষয়গুলো মোকাবিলায় প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে এই উপস্থিতি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তবে নিষেধাজ্ঞার আগে প্রকাশিত প্রায় সব জরিপেই রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও কট্টর ডানপন্থী ভক্সের সম্ভাব্য জোটের স্পষ্ট অগ্রগতি দেখা গেছে। আট বছর ক্ষমতায় থাকার পর সানচেজকে সরাতে চায় এই জোট।
এর আগে টেলিভিশনে প্রাক-নির্বাচন বিতর্কে সানচেজের সঙ্গে পিপি নেতা আলবের্তো নুনেজ ফেইজো, ভক্সের সান্তিয়াগো আবাসকাল এবং সুমার রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত বামপন্থী রাজনীতিক ও বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউয়ের বিতর্ক হয়। বিতর্কের বিষয় ছিল অভিবাসন, আবাসন সংকট ও পররাষ্ট্রনীতি।
গাজায় হামলা চলার মধ্যেই ইসরায়েল সরকারকে সম্মানসূচক পদক দেওয়ায় পিপি-শাসিত মাদ্রিদ আঞ্চলিক সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ‘এটা লজ্জাজনক,’ বলেন সানচেজ। প্রতিপক্ষদের ‘কোনো মানবতাই নেই’ বলে অভিযোগ করেন তিনি।
ফেইজো ইসরায়েলের গাজা অভিযানকে ‘গণহত্যা’ (ম্যাসাকার) বললে সানচেজ তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘এটা গণহত্যা (জেনোসাইড)।’
সানচেজ ভোটারদের সতর্ক করে বলেন, স্পেনের সামনে পছন্দ হলো ‘পশ্চাদগমন ও প্রগতিবাদ’-এর মধ্যে। তাঁর অভিযোগ, পিপি ও ভক্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের রাজনীতি অনুকরণ করতে চায়।
আন্তর্জাতিক অঙ্গনে নিজের রেকর্ড তুলে ধরেছেন সানচেজ — অভিবাসনের পক্ষে তাঁর স্পষ্ট অবস্থান, ট্রাম্পের সঙ্গে সংঘাত এবং ইসরায়েলের সমালোচনা। বৈশ্বিক বাজারের অস্থির সময়ে তাঁর নেতৃত্বে ইইউর চতুর্থ বৃহত্তম অর্থনীতির গতিশীলতাও প্রশংসা পেয়েছে। তবে দেশের ভেতরে তাঁর মেরুকরণকারী অবস্থান তাঁর মেয়াদকে ঝুঁকিতে ফেলেছে।
শুক্রবার মাদ্রিদে শেষ বড় সমাবেশ করছেন সানচেজ। সম্ভাব্য পিপি-ভক্স জোটের ‘পশ্চাদগমন’ ঠেকাতে শেষ মুহূর্তে বামপন্থী ভোটারদের সংগঠিত করাই তাঁর লক্ষ্য। পশ্চিমের শহর প্লাসেনসিয়ায় সোশ্যালিস্টদের এক সভায় ‘নারীর ক্ষমতা’ স্লোগান লেখা লাল টি-শার্ট পরে তিনি বলেন, ‘আমরা অপ্রতিরোধ্য এবং আমরাই জিতব!’
তিনি ‘সমৃদ্ধি, নীতি ও মূল্যবোধের স্পেন’-এর সঙ্গে এমন ‘প্রতিক্রিয়াশীল জোট’-এর বৈপরীত্য তুলে ধরেন, যারা নারীর অধিকার নিয়ে প্রশ্ন তুলবে, পেনশন কমাবে এবং সরকারি সেবা দুর্বল করবে বলে তিনি সতর্ক করেন।
পিপি নেতা ফেইজো ২০২৩ সালের গত নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেননি। বার্সেলোনায় সমর্থকদের তিনি বলেন, ‘এবার আমরা সফল হবই।’ সানচেজের ‘ভয়ের’ প্রচারণা উড়িয়ে দিয়ে তিনি দক্ষিণের আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী সেভিলে প্রচারণার সমাপনী সমাবেশ করবেন।


