…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এ মজেছেন ভারতীয় দর্শকেরা

নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এ মজেছেন ভারতীয় দর্শকেরা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। এটি ছিল ব্যক্তিগত আয়োজন। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতির কথা ভেবেছিলেন তিনি, কিন্তু প্রদর্শনীতে অংশ নিতে ৭০০ জনের বেশি আবেদন করেন। এত মানুষের আগ্রহ দেখে বিস্মিত হন সুফিয়ান।

অন্য সব পাকিস্তানি নাটক ও গানের মতো ‘দার-এ-নিজাত’ও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। অথচ প্রতি সপ্তাহান্তে ভারতীয় দর্শকেরা ইনস্টাগ্রামে এই ধারাবাহিক নাটকের বিভিন্ন দৃশ্যের ভিডিও বিনিময় করেন এবং পর্বগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নাটকটির অন্যতম প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে তাঁদের উচ্ছ্বাসের শেষ নেই।

নাটকটির গল্পে রয়েছে তরুণী জারিয়াব এবং তাঁর শৈশবের ভালোবাসার মানুষ জামিল। জামিলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর জারিয়াবের জীবনে এসে শূন্যতা পূরণ করেন আবু বকর।

শুধু অনলাইনে নয়, ভারতের বিভিন্ন এলাকায় দল বেঁধে নাটক দেখার আয়োজনও হচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলের বেঙ্গালুরু শহরে আগামী সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের প্রচারপত্র কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়েছে। নাটকটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব আয়োজন বন্ধ করতে গিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের একধরনের লুকোচুরি চলছে।

এসব কড়াকড়ি সত্ত্বেও নাটকটির প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমেনি। নাটকটির ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যের ঘরে একটি বাক্য এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে।’ বাংলায় এর অর্থ, ‘ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই।’ উর্দু ভাষার পরিচিত একটি প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা হয়েছে বাক্যটি।

বেঙ্গালুরুর বাসিন্দা ও নাটকটির ভক্ত রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই আবু বকরের মতো একজনের অপেক্ষায় ছিলাম। চরিত্রটির প্রতি আমি ভীষণ মুগ্ধ। কারণ, সে অন্যের অনুভূতি বুঝতে পারে। আজকাল বেশির ভাগ পুরুষের মধ্যে এই গুণটাই অনুপস্থিত।’

আবু সুফিয়ান খান বলেন, ‘ভারতীয়রা ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারেন না। আবার ভিপিএন বা প্রক্সি ব্যবহার ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটকও দেখতে পারেন না।’ তবে অনেকের কাছেই নিষিদ্ধ পাকিস্তানি সংস্কৃতির আকর্ষণ এত বেশি যে তাঁরা সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি নিতেও রাজি।

ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্কে প্রায় সব সময়ই উত্তেজনা চলেছে। তা সত্ত্বেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চলেছে, যদিও বিভিন্ন সময়ে উভয় দেশই সাংস্কৃতিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে। গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা ক্রমেই বেড়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ প্রায় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নীতি নেওয়ার পর।

পরিস্থিতির নতুন করে অবনতি ঘটে ২০২৫ সালের এপ্রিলে, যখন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন এবং ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। ‘দার-এ-নিজাত’ নিয়ে উন্মাদনা ভারতে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠানের জনপ্রিয়তার সর্বশেষ উদাহরণ, এবং ভারতের পর্দা থেকে পাকিস্তানি বিনোদন সরিয়ে দেওয়ার চেষ্টা দেশটির মানুষের আগ্রহ কমাতে পারেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

শেষ ছয় পর্ব প্রচার করে থামল ‘ব্যাচেলর পয়েন্ট’, বিদায় মানতে পারছেন না দর্শক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নেমেছে। শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হয়েছে সিরিজটির ১৪০ পর্বের শেষ ছয়টি পর্ব, আর এর মধ্য …

কানাডার কিচেনারে ছেলে অনিকের কাছেই প্রতি বছর ছুটে যান ববিতা
বিনোদন

কানাডার কিচেনারে ছেলে অনিকের কাছেই প্রতি বছর ছুটে যান ববিতা

ঢাকা থেকে কানাডা—বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতার কাছে এই দীর্ঘ পথ এখন আপনজনের কাছে ফেরার পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে তিনি কানাডায় যান। সেখ…

বিনোদন

আদালতের বাইরেই শ্যাটো মিরাভাল বিরোধ মিটিয়ে নিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ফ্রান্সের ঐতিহাসিক আঙুর ক্ষেত ও ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’ নিয়ে আদালতে চলমান বিরোধ অবশেষে আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন হলিউডের দুই তারকা ব্র্যাড প…

প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘একটা চাদর হবে’র শিল্পী জেনস সুমনকে স্মরণ
বিনোদন

প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘একটা চাদর হবে’র শিল্পী জেনস সুমনকে স্মরণ

অ্যাম্বুলেন্সে শুয়ে ছিলেন জেনস সুমন, চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ, তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘এ…