রোজব্যাংক তেলক্ষেত্র নিয়ে লেবার দলে বিভাজন, অনুমোদনের পক্ষে চাপ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর

যুক্তরাজ্যের উত্তর সাগরের রোজব্যাংক তেলক্ষেত্র নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে বিভাজন তীব্র হয়েছে। প্রায় ১০০ জন সহকর্মী প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে প্রকল্পটি আটকে দিতে আহ্বান জানানোর পর, এখন ৮০ জন পর্যন্ত লেবার এমপি এর বিপরীত অবস্থান নিয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা করছেন।
রোজব্যাংকের পক্ষের ডজনখানেক এমপি প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছেন যাতে তিনি প্রকল্পটি আটকে না দেন। তাঁদের সতর্কবার্তা, এমন সিদ্ধান্ত হলে তা স্কটল্যান্ডে লেবারের জন্য ‘লাইটস আউট’ অর্থাৎ সর্বনাশ ডেকে আনতে পারে। স্কটিশ লেবার নেতা মাইকেল মারাও রোজব্যাংকের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং সতর্ক করে বলেছেন, উত্তর সাগর অববাহিকার পতনে ‘বৃত্তিমূলক কাজে থাকা শ্রমজীবী মানুষ’ হুমকির মুখে পড়েছেন।
বার্নহ্যামকে এখন নিজের দলের দুই যুযুধান পক্ষের মধ্যে একটি বেছে নিতে হচ্ছে, যা প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেওয়া সবচেয়ে সংবেদনশীল সিদ্ধান্তগুলোর একটি হতে পারে বলে মনে করা হচ্ছে।
রোজব্যাংকবিরোধী এমপিরা জলবায়ুর ওপর প্রভাবের কথা বলছেন। তাঁদের যুক্তি, প্রকল্পটির আয়ুষ্কালে উৎপন্ন অতিরিক্ত আনুমানিক ২৫ কোটি ৪০ লাখ টন কার্বন ডাই-অক্সাইডের বিনিময়ে ৫০ কোটি পাউন্ড কর রাজস্ব ও ৫০০টি কর্মসংস্থান যথেষ্ট নয়।
অন্যদিকে প্রকল্পের পক্ষের এমপিদের আশঙ্কা, প্রকল্পটি এগিয়ে না নিলে শিল্পমহল ও স্কটিশ ভোটারদের কাছে লেবারের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। একজন এমপি বলেন, ‘এটি স্কটল্যান্ডের অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খলার অংশ, তবে সবচেয়ে বড় কথা এটি স্কটল্যান্ডের পরিচয়ের অংশ। বিষয়টি এতটাই প্রতীকী হয়ে উঠেছে যে লেবার যদি এটি না করে, স্কটল্যান্ডে তাদের ক্ষমা করা হবে না।’ ওই এমপি আরও বলেন, ‘অ্যান্ডিকে রোজব্যাংক অনুমোদন করতেই হবে, নইলে স্কটল্যান্ডে লেবারের আলো নিভে যাবে।’
মারা বলেন, তিনি স্বীকার করেন জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফানবুলেহর সামনে জ্যাকড গ্যাসক্ষেত্রের তুলনায় ‘ভিন্ন’ একটি সিদ্ধান্ত রয়েছে, তবে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি প্রকল্পটিকে সমর্থন করেন। তিনি বলেন, ‘উত্তর সাগরের পতনকে যাঁরা আমাদের জলবায়ু বাধ্যবাধকতা পূরণের জন্য উদ্যাপনের বিষয় হিসেবে দেখেন, আমি তা বুঝি। কিন্তু যাঁরা ন্যায্য রূপান্তরের কথা বলেন, তাঁদের আমি অ্যাবারডিন ও স্কটল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের উদ্বেগ বুঝতে বলি—সেখানকার মানুষের কাছে রাজনৈতিক প্রতিষ্ঠান প্রায়ই এমন মনে হয় যেন বিশুদ্ধ জ্বালানি ছাড়া সবকিছুকেই তারা নোংরা শব্দ মনে করে। এটা মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন। কোনো বিলিয়ন ডলারের বহুজাতিক কোম্পানির কোটিপতি শেয়ারধারীদের কথা নয়, বৃত্তিমূলক কাজে থাকা শ্রমজীবী মানুষের কথা।’
কয়েকজন এমপি ইতিমধ্যে বার্নহ্যামকে প্রকল্পটি এগিয়ে নিতে আলাদাভাবে চিঠি পাঠিয়েছেন, তবে অনেকে এখন প্রায় ১০০ সহকর্মীর সই করা বিরোধী চিঠির জবাবে যৌথ উদ্যোগ নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করছেন। একজন লেবার এমপি বলেন, ‘হুইপ ও সরকার জানে আমাদের সমর্থন আছে, আমরা তা আড়ালে স্পষ্ট করে দিয়েছি। যৌথ চিঠি নিয়ে সপ্তাহান্তে আলোচনা চলছে।’ আরেকজন বলেন, ‘স্কটল্যান্ডে পুনঃশিল্পায়ন ও তরুণদের জন্য জ্বালানি খাতের চাকরি বড় ইস্যু, তাই আমাদের মনে হয় তারা গুরুত্ব বোঝাতে প্রকল্পটি অনুমোদন করবে।’
মিড ও সাউথ পেমব্রোকশায়ারের লেবার এমপি হেনরি টাফনেল বলেন, ‘রোজব্যাংক অনুমোদন না করলে শিল্পসমৃদ্ধ এলাকাগুলো চাকরি ও বিনিয়োগ হারাবে, আমাদের বাণিজ্য ঘাটতি দুর্বল হবে এবং রাজস্ব কোষাগার গুরুত্বপূর্ণ কর আয় থেকে বঞ্চিত হবে।’ ওয়েস্টার্ন আইলসের লেবার এমপি টরকুইল ক্রিকটন বলেন, ‘নবায়নযোগ্য ভবিষ্যৎ গড়তে আমাদের উত্তর সাগরের কর্মীবাহিনী, সরবরাহ শৃঙ্খলা ও দক্ষতা দরকার।’



