কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইউক্রেন, রাশিয়ার জবাবের অপেক্ষা
কৃষ্ণসাগরে সম্ভাব্য যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে ইউক্রেন। জাহাজ চলাচল ও বন্দর অবকাঠামোর ওপর হামলা বাড়তে থাকায় শস্য রপ্তানি সুরক্ষিত রাখতে কিয়েভ এই উদ্যোগ নিয়েছে।
শুক্রবার ‘ফুড ফ্রম ইউক্রেন’ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা প্রস্তাবটি ঘোষণা করেন। তিনি বলেন, কিয়েভ নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে এবং কৃষিপণ্যের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে প্রস্তুত।
সিবিহা বলেন, ‘আমরা এখন রাশিয়ার জবাবের অপেক্ষায় আছি। আমাদের সব প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে।’ তবে মস্কো প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে তেল পরিবহনকেও অন্তর্ভুক্ত করতে চেয়েছে; ইউক্রেনীয়রা বলছে, বিষয়টি বৃহত্তর জ্বালানি যুদ্ধবিরতির আওতায় পড়ে।
ইউক্রেনের জাতীয় সম্প্রচারমাধ্যম সুসপিলনের বরাতে সিবিহা অভিযোগ করেন, কিয়েভের প্রস্তাবগুলোর জবাবে রাশিয়া বারবার ‘অবাস্তব দাবি’ তুলে ধরছে।
ইউক্রেনের প্রস্তাবটি বিবেচনাধীন থাকা অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন। মস্কোর দাবি, এটিই প্রথম সাবমেরিন যাতে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়, পুতিন আস্থা প্রকাশ করেন যে শক্তিশালী নৌবাহিনী গড়ার পরিকল্পনা সময়মতো ও পুরোপুরি বাস্তবায়িত হবে।
বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই সর্বশেষ যুদ্ধবিরতি উদ্যোগ এল। ইউক্রেন ও রাশিয়া দুটোই বড় কৃষিপণ্য রপ্তানিকারক; জাহাজ ও বন্দর অবকাঠামোর ওপর হামলায় কৃষ্ণসাগর দিয়ে পণ্য পরিবহন ব্যাহত হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় আগের একটি চুক্তি হলে ইউক্রেনের শস্য রপ্তানি আবার শুরু হয়। তবে ২০২৩ সালের জুলাইয়ে মস্কো সেই ব্যবস্থা থেকে সরে যায়; এরপর কিয়েভ বিকল্প সমুদ্রপথে রপ্তানি করিডর চালু করে।
আগস্টে রয়টার্স জানায়, কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে দুই পক্ষের হামলা বন্ধের জন্য ইউক্রেন তৃতীয় পক্ষের মাধ্যমে আগের একটি প্রস্তাব পৌঁছে দিয়েছিল। সে সময় বারবার রুশ হামলার পর জাহাজমালিকরা ওদেসা অঞ্চলের বন্দর এড়িয়ে চলায় ইউক্রেনের শস্য রপ্তানি আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ কমে গিয়েছিল।
এরপর থেকে সীমিত যুদ্ধবিরতি নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা জোর পেয়েছে। ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, নিরবচ্ছিন্ন শস্য ও জ্বালানি পরিবহনের সুবিধা দিতে তুরস্ক ও ভারতের প্রস্তাব ওয়াশিংটন পর্যালোচনা করছে।
কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি গত সপ্তাহে চীনে বৈঠকের পর ট্রাম্পের পুতিনকে ‘আমার বন্ধু’ বলার সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা অদ্ভুত। তিনি একজন আগ্রাসী ও খুনি। তিনি বন্ধু হতে পারেন না। কিছুতেই না।’ মস্কোর সঙ্গে লেনদেনে ওয়াশিংটনের অতিরিক্ত নিরপেক্ষতা বলেও তিনি যা বর্ণনা করেছেন, তারও সমালোচনা করেন জেলেনস্কি।


