ভুক্তভোগী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও নিন্দা

বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতল বাবু কর্তৃক মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা চত্বরের ব্যবসায়ী ‘ইত্যাদি স্টোর’-এর স্বত্বাধিকারী সায়ফুর রহমান। শুক্রবার দুপুরে বড়লেখা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি সম্প্রতি শিতল বাবুর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত নানা অভিযোগের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুমন পালের সঙ্গে ব্যবসায়ী সায়ফুর রহমানের সব লেনদেনের প্রত্যক্ষ সাক্ষী ব্যবসায়ী এবাদুর রহমান, উজ্জল আহমদ, কবির আহমদ, তারেক আহমদ, জাফর আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সায়ফুর রহমান বলেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের পাল ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুমন পাল ব্যবসা সম্প্রসারণের কথা বলে বিনিয়োগ করতে বড়লেখা বাজারের ব্যবসায়ীসহ অনেকের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নেন। বিনিয়োগের জন্য অনুরোধ করলে তিনিও চুক্তিপত্রের মাধ্যমে তাঁর সঙ্গে আর্থিক লেনদেন করেন।
পরবর্তীতে সুমন পাল তাঁর ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে ক্রয়কৃত কাঠালতলী মৌজার সাড়ে ৫৫ শতাংশ ভূমি বিক্রির প্রস্তাব দিলে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি স্থাপনাসহ ১৮ লাখ ৫০ হাজার টাকা মূল্য নির্ধারণপূর্বক বায়নামা পত্রের মাধ্যমে ১৬ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয় এবং সুমন পাল ওই ভূমির দখল তাঁকে বুঝিয়ে দেন। বায়নামা পত্রের শর্ত অনুযায়ী ছয় মাসের মধ্যে অবশিষ্ট মূল্য পরিশোধ করে ওই ভূমির দলিল রেজিস্ট্রির অঙ্গীকার করা হয়। কিন্তু ৩১ মার্চ সুমন পাল ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন।
এ খবরে তাঁর ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগকারী পাওনাদাররা ভিড় জমান। ৩০ এপ্রিল একটি জাতীয় দৈনিকের শেষ পৃষ্ঠায় ‘বড়লেখায় কোটি টাকা নিয়ে উধাও ডিলার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবেদককে জনৈক শিতল বাবু জানান, সুমন পালের সঙ্গে প্রায় দুই বছর যাবৎ তিনি ব্যবসায়িক লেনদেন করছেন। তাঁর কাছ থেকে ধার নেওয়া প্রায় ১২ লাখ টাকা ২৭ মার্চ পরিশোধের কথা ছিল। কিন্তু ওই তারিখ থেকেই তিনি সুমন পালকে খুঁজে পাচ্ছেন না—যা পত্রিকায় ছাপা হয়েছে।
সায়ফুর রহমান জানান, সুমন পালের কাছ থেকে বায়নামূলে দখল পাওয়া ভূমির পরিচর্যাকালে হঠাৎ একদিন রীনা রানী ধর নামক মহিলা, শিতল বাবু ও চয়ন ধর তাঁকে ওই ভূমি থেকে সরে যেতে হুমকি-ধমকি দেন। তাঁরা উত্তেজিত হয়ে বলেন, এই ভূমি রীনা রানী ধর সুমন পালের নিকট থেকে ক্রয় করেছেন।
কিন্তু তাঁর প্রশ্ন হলো—৩০ এপ্রিল প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদকের সাক্ষাৎকারে জনৈক শিতল বাবু বক্তব্য দেন, তিনিও সুমন পালের কাছে বিপুল পরিমাণ টাকা পান, সুমন পালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমন পালের মোবাইল ফোন বন্ধ থাকায় আরও অনেক পাওনাদার তাঁকে খুঁজছে। সুমন পাল আত্মগোপনে থাকা অবস্থায় কীভাবে রীনা রানী ধরকে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই ভূমির দলিল করে দিলেন, তা রহস্যজনক।
বায়নাকৃত দখলীয় ভূমির দখল নিতে ব্যর্থ হয়ে পরবর্তীতে রীনা রানী ধর বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (নং-৫০/২০২৩, বড়লেখা), যার সাক্ষী শিতল বাবু গং। আদালত মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে রীনা রানী ধর গংদের বিরুদ্ধে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দলিল জালিয়াতির মামলা (সি.আর-৪০১/২০২৩) করেন, যা অদ্যাবধি চলমান।
সংবাদ সম্মেলনে সায়ফুর রহমান উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, মামলা বিচারাধীন এবং সংশ্লিষ্ট জমি তাঁর দখলে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের সম্পাদিত বিতর্কিত দলিলমূলে বারবার ওই ভূমির নিবন্ধন ও নামজারি কীভাবে সম্পন্ন হলো, তার নিরপেক্ষ তদন্ত জরুরি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরও বলেন, সম্প্রতি শিতল বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ভূমি দখল, চাঁদা দাবিসহ নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন, যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়েই শিতল বাবু নিজেই বলেছেন, তিনি মানিলন্ডারিংসহ ১৩ মামলার আসামি। এতেই প্রমাণ হয়, তিনি একজন দুষ্কৃতিকারী, মামলাবাজ ও নানা অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত।




