…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

কাজী রমিজ উদ্দিন: কলম, কর্ম ও স্বপ্নের এক জীবন

নিজস্ব প্রতিবেদক
কাজী রমিজ উদ্দিন: কলম, কর্ম ও স্বপ্নের এক জীবন
ছবি: বড়লেখা টুডে

সংগ্রাম, সাহস ও স্বপ্নে গড়া এক কলমসৈনিকের জীবন

পাহাড়ি ঝরনার কলতান, হাকালুকি হাওরের অপরূপ সৌন্দর্য আর আগর-আতরের সুরভিতে সমৃদ্ধ মৌলভীবাজার জেলার প্রান্তিক জনপদ বড়লেখা। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জনপদের সাংবাদিকতা, পেশাগত কর্মকাণ্ড ও সামাজিক অঙ্গনে পরিচিত একটি নাম কাজী রমিজ উদ্দিন।

একজন সাংবাদিক হিসেবে তাঁর পথচলা যেমন বন্ধুর ও সংগ্রামমুখর, তেমনি বৈচিত্র্যে পরিপূর্ণ। গতানুগতিক পেশাগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সংগঠন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর নিবিড় সম্পৃক্ততা। নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা, নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়েও সাংবাদিকতার প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা ও দায়িত্ববোধে কখনো ভাটা পড়েনি।

তিনি বিশ্বাস করেন, সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশের একটি পেশা নয়; বরং এটি সমাজ ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতার নাম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা এবং সমাজের অসংগতিগুলো দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করাই একজন কলমসৈনিকের অন্যতম প্রধান কর্তব্য।

এই আদর্শকে ধারণ করেই দুই দশকেরও বেশি সময় ধরে নিজের কর্মক্ষেত্র বড়লেখার সমস্যা, সম্ভাবনা, উন্নয়নচিত্র ও সামাজিক বাস্তবতাকে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

শৈশব, পরিবার ও বেড়ে ওঠা

কাজী রমিজ উদ্দিন ১৯৮৩ সালের ১ মার্চ বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর কাজীবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা কাজী আফসার উদ্দিন এবং মাতা রায়হানা বেগম। ভাইবোনদের মধ্যে তিনি তৃতীয়। কৈশোরেই মাতৃহারা হন তিনি। মায়ের স্নেহবঞ্চিত জীবনে পিতার অকৃত্রিম ভালোবাসা এবং বড় ভাইবোনদের আদর-যত্নে বেড়ে ওঠেন।

তাঁর পিতা মাওলানা কাজী আফসার উদ্দিন ছিলেন একজন ধর্মপ্রাণ, শিক্ষানুরাগী ও সমাজসচেতন ব্যক্তিত্ব। তিনি ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারের দায়িত্ব পালনের পাশাপাশি দৌলতপুর বাজারে ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

বাবার হাত ধরেই তাঁর দ্বীনি শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষার্জন, বইপড়া ও লেখালেখির প্রতি আগ্রহের সূচনা হয়। শৈশব থেকেই বই, সংবাদপত্র ও সাহিত্যচর্চার প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ।

এ প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন—

“শৈশব থেকেই আমার ভেতরে অজানাকে জানার এক অদম্য কৌতূহল কাজ করত। আমার বাবা সবসময় সেই কৌতূহলকে উৎসাহিত করতেন। তিনি ছিলেন দৈনিক ইত্তেফাকের একনিষ্ঠ পাঠক। আমৃত্যু তিনি পত্রিকাটি পড়েছেন। ছোটবেলায় তিনি আমাকে দিয়ে ইত্তেফাকের খবর ও শিশুতোষ লেখা পাঠ করাতেন। নিজে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতেন। কোথাও ভুল হলে শুধরে দিতেন। আমার জন্য ছড়া, কবিতা ও শিশুতোষ বই নিয়ে আসতেন এবং লেখালেখির প্রতি উৎসাহ জোগাতেন। বাবার অনুপ্রেরণায় দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরের সদস্য হই। সেখানেই আমার প্রথম লেখা প্রকাশিত হয়।”

শৈশবের সেই ছোট্ট লেখালেখির অভ্যাসই একসময় তাঁর জীবনের অন্যতম অনুরাগ ও পেশাগত পরিচয়ের ভিত্তি তৈরি করে দেয়।

শিক্ষাজীবন ও সামাজিক সংগঠনের সূচনা

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মধ্য দিয়ে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের সূচনা। প্রাথমিক শিক্ষা শেষে বাবার ইচ্ছায় ভর্তি হন ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায়। এই প্রতিষ্ঠান থেকেই ১৯৯৮ সালে দাখিল এবং ২০০০ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

শিক্ষাজীবন শেষ করার পরপরই স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন দৌলতপুর দিশারী সমাজ কল্যাণ পরিষদ।

এই সংগঠনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সংগঠনটির এসব উদ্যোগ বৃহত্তর বড়লেখার মানুষের কাছে প্রশংসিত হয়।

তাঁর ভাষায়—

“মূলত এই সংগঠনের দায়িত্ব পালনের মধ্য দিয়েই মানুষের জন্য কাজ করার এক অদম্য স্পৃহা আমার মধ্যে তৈরি হয়। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার যে শিক্ষা পেয়েছি, তা আজও আমার জীবনের অন্যতম প্রেরণা।”

সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন পত্রিকা অফিসে প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর সুবাদে পরিচয় ঘটে স্থানীয় সাংবাদিক মহলের সঙ্গে। সাংবাদিক আবদুল কাদের তাপাদার, তাইসির মাহমুদ ও মরহুম আব্দুর রাজ্জাকসহ অনেক অভিজ্ঞ সাংবাদিকের সান্নিধ্য, পরামর্শ ও অনুপ্রেরণা তাঁর সাংবাদিকতার পথচলাকে আরও সমৃদ্ধ করে।

সাংবাদিকতার পথচলা: ভালোবাসা, দায়িত্ববোধ ও চ্যালেঞ্জ

শৈশবের লেখালেখির আগ্রহ একসময় পেশাগত সাংবাদিকতায় রূপ নেয়। ২০০৩ সালে একটি দৈনিক পত্রিকার শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রপত্রিকায় লেখালেখি করেছেন। এর মধ্যে সাপ্তাহিক বড়লেখা, সাপ্তাহিক আজকের সূর্যোদয় ও মাসিক সিলেটবাজার উল্লেখযোগ্য।

২০০৪ সালে জাতীয় দৈনিক সংগ্রামের বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব লাভ করেন। সেই থেকে অদ্যাবধি তিনি পত্রিকাটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মফস্বল সাংবাদিকতা বরাবরই চ্যালেঞ্জপূর্ণ। প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা, আর্থিক অনিশ্চয়তা, প্রভাবশালী মহলের চাপ, রাজনৈতিক প্রতিকূলতা এবং নিরাপত্তাঝুঁকি—সবকিছু মোকাবিলা করেই একজন মফস্বল সাংবাদিককে দায়িত্ব পালন করতে হয়।

কাজী রমিজ উদ্দিনও এর ব্যতিক্রম নন। সংবাদ পরিবেশনের কারণে বিভিন্ন সময়ে তাঁকে রাজনৈতিক চাপ, মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তারপরও তিনি সাংবাদিকতা থেকে নিজেকে সরিয়ে নেননি।

তাঁর কাছে সাংবাদিকতা নিছক জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি ভালোবাসা, আদর্শ, আত্মপরিচয় ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক অনন্য জায়গা।

পেশাগত দায়িত্বে আরেক পরিচয়: মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার

সাংবাদিকতার পাশাপাশি তাঁর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার।

২০০৬ সালে পিতা মরহুম মাওলানা কাজী আফসার উদ্দিন বয়সজনিত কারণে অবসর গ্রহণ করলে তাঁর স্থলাভিষিক্ত হয়ে ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেন কাজী রমিজ উদ্দিন।

দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। মানুষের পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত এই পেশায় সততা, দায়িত্বশীলতা, ধৈর্য ও পেশাগত শৃঙ্খলাকে তিনি বিশেষ গুরুত্ব দেন।

একদিকে সাংবাদিকতা, অন্যদিকে নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব—দুটি ভিন্ন পেশাগত পরিচয়কে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন পেয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য।

সংগ্রাম, মামলা ও ১০১ দিনের কারাজীবন

কাজী রমিজ উদ্দিনের জীবনের অন্যতম বেদনাবিধুর ও স্মরণীয় অধ্যায় তাঁর কারাজীবন। সাংবাদিকতার কারণে বিভিন্ন সময়ে তিনটি মামলায় জড়ানো এবং নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে একবার তাঁকে টানা ১০১ দিন কারাগারে থাকতে হয়েছে।

তাঁর নিজের ভাষায়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়টি ছিল তাঁর সাংবাদিকতা জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। ওই সময়ে সংবাদ প্রকাশের কারণে রাজনৈতিক চাপ, মামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

৩০ জুন ২০১০: ক্যামেরা ছিনতাই ও শারীরিক নির্যাতন

২০১০ সালের ৩০ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড়লেখায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর শহরের শিরিষতলায় মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্যামেরায় ছবি ধারণ করছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এ সময় দুই যুবলীগকর্মী তাঁকে মারধর করেন এবং তাঁর ক্যামেরাটি ছিনিয়ে নেন। এতে তিনি আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

১ ডিসেম্বর ২০১০: সংবাদ প্রকাশের পর মামলা

২০১০ সালের ১ ডিসেম্বর ছাত্রশিবিরের তৎকালীন জেলা সভাপতির একটি মামলাকে কেন্দ্র করে বড়লেখা আদালত এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন দৈনিক সংগ্রামে ওই ঘটনার সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর পুলিশ তাঁকে অ্যাসল্ট মামলায় আসামি করে বলে তিনি জানান। এরপর দীর্ঘদিন তাঁকে মৌলভীবাজার আদালতে হাজিরা দিতে হয়েছে। মামলাটি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

৩ ফেব্রুয়ারি ২০১৩: গ্রেপ্তার ও ১০১ দিনের কারাবাস

২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি বড়লেখায় জামায়াতের কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে দৈনিক সংগ্রামে সংবাদ প্রকাশ করেন তিনি।

সংবাদটির শিরোনাম ছিল—‘পুলিশের সামনেই ছাত্রলীগের ব্যাপক তাণ্ডব: বড়লেখা জামায়াত অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর’।

সংবাদ প্রকাশের পরদিন স্থানীয় বাজারের একটি সেলুন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দ্রুত বিচার আইনে দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে তাঁকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

শুরু হয় জীবনের এক কঠিন ও বেদনাবিধুর অধ্যায়। কারাগারের দিনগুলোতে মানসিক চাপ, অনিশ্চয়তা, নিঃসঙ্গতা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট তাঁকে গভীরভাবে পীড়া দিত। কারাগারের নির্জন প্রকোষ্ঠে কখনো অজান্তেই দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত।

অবশেষে ১০১ দিন কারাভোগের পর ২০১৩ সালের ১৫ মে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে ওই মামলা থেকে অব্যাহতি পান।

আজও ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারির সেই দিনটি তাঁর জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি। কারাগারে যাওয়ার সময় তোলা একটি ছবি এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের পেপারকাটিং তাঁর সেই কঠিন সময়ের নীরব সাক্ষী হয়ে আছে।

এতসব প্রতিকূলতা সত্ত্বেও তিনি সাংবাদিকতা ছেড়ে দেননি। তাঁর ভাষায়, কঠিন সময়ে অনেকেই দৈনিক সংগ্রাম ছেড়ে গেলেও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতা থেকে তিনি নিজের অবস্থানে অবিচল ছিলেন। অগ্রজ ও অনুজ সাংবাদিক সহকর্মীদের সহযোগিতা তাঁকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহস ও শক্তি জুগিয়েছে।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে একটি বিশেষ সম্মাননা অর্জন করেন কাজী রমিজ উদ্দিন।

সিলেটে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি কর্তৃক বড়লেখা উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মফস্বল সাংবাদিকতার নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র জাতীয় গণমাধ্যমে তুলে ধরার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাঁর কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জন।

তবে তাঁর কাছে পুরস্কার কিংবা সম্মাননার চেয়েও বড় প্রাপ্তি হলো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও আস্থা। তিনি মনে করেন, একজন সাংবাদিকের প্রকৃত সার্থকতা কেবল পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পেশাগত সততা বজায় রেখে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার মধ্যেই নিহিত।

সমাজসেবা, শিক্ষানুরাগ ও মানবকল্যাণ

কাজী রমিজ উদ্দিনের কাছে সামাজিক কর্মকাণ্ড কোনো প্রচারের বিষয় নয়; বরং এটি মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার বহিঃপ্রকাশ।

দৌলতপুর দিশারী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডের যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে তা বিস্তৃত হয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে।

তাঁর অনুপ্রেরণা ও সহযোগিতায় এগিয়ে চলেছে দৌলতপুর রক্তদাতা সংস্থা—এ অঞ্চলের অন্যতম বৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন। পাশাপাশি দিশারী সমাজ কল্যাণ পরিষদ, সিলেটস্থ বড়লেখাবাসীর অন্যতম সংগঠন বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন।

ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার একজন আজীবনদাতা সদস্য ও শিক্ষানুরাগী হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে সহযোগিতা করে আসছেন।

এ ছাড়া ২০১৮ সালে তাঁর মা ও খালাদের দানকৃত সম্পত্তির মাধ্যমে কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁর।

সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অংশ হিসেবে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা; বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিট এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। এ ছাড়া বড়লেখা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি ও বড়লেখা লায়ন্স ক্লাবের সঙ্গেও সম্পৃক্ত।

মানবকল্যাণমূলক কাজের ক্ষেত্রেও রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। অসহায়, দরিদ্র ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের সামর্থ্য অনুযায়ী। কখনো ব্যক্তিগত উদ্যোগে, কখনো প্রবাসী বন্ধু-বান্ধব ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় মানুষের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেন।

তাঁর দীর্ঘদিনের একটি স্বপ্ন—মরহুম পিতা-মাতা মাওলানা কাজী আফসার উদ্দিন ও রায়হানা বেগমের নামে গঠিত ‘আফসার-রায়না ট্রাস্ট’ একদিন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

মানুষের মূল্যায়ন, ভালোবাসা ও সমালোচনা

কাজী রমিজ উদ্দিনকে নিয়ে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে নানা অভিজ্ঞতা, মতামত ও মূল্যায়ন। কেউ তাঁকে একজন সাংবাদিক হিসেবে চেনেন, কেউ পেশাগত দায়িত্ব পালনের কারণে, আবার কেউ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে।

তাঁর সঙ্গে যাঁরা দীর্ঘদিন মিশেছেন, তাঁদের অনেকেই তাঁকে অমায়িক, ভদ্র, নির্লোভ, নিরহংকারী ও পরোপকারী মানুষ হিসেবে মূল্যায়ন করেন। দূর থেকে কাউকে বিচার করা আর কাছ থেকে তাঁর সঙ্গে মেশার অভিজ্ঞতা এক নয়—এ কথাটিও তাঁকে নিয়ে অনেকের মন্তব্যে উঠে আসে।

২০০৬ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার সুবাদে স্থানীয় ও প্রবাসী মানুষের সঙ্গে তাঁর যোগাযোগের পরিসর বিস্তৃত হয়েছে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে যেমন ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে, তেমনি বিভিন্ন সময়ে সমালোচনাও হয়েছে।

তবে এসব আলোচনা-সমালোচনাকে তিনি জীবনের স্বাভাবিক অংশ হিসেবেই দেখেন। তাঁর বিশ্বাস, কোনো মানুষই ভুলত্রুটির ঊর্ধ্বে নন। তাঁর নিজেরও ভুল থাকতে পারে। তাই সমালোচনার ইতিবাচক দিকগুলো গ্রহণ করে নিজেকে সংশোধন ও পরিমার্জনের চেষ্টা করাই একজন সচেতন মানুষের দায়িত্ব।

তিনি মনে করেন, কাউকে তাঁর অতীতের ভুল দিয়ে চিরকাল বিচার করা উচিত নয়। মানুষ পরিবর্তিত হতে পারে, নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করতে পারে। তাই ব্যক্তির ভুলত্রুটির পাশাপাশি তাঁর ভালো কাজ, সামাজিক অবদান ও ইতিবাচক কর্মকাণ্ডের মূল্যায়নও জরুরি।

কারণ, সমালোচনা মানুষকে সংশোধনের সুযোগ করে দিতে পারে, আর ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।

নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও আগামীর ভাবনা

কাজী রমিজ উদ্দিনের সামাজিক ও পেশাগত পরিচয়ের বাইরেও রয়েছে একটি বৃহত্তর ভাবনা। তিনি বিশ্বাস করেন, একটি সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে।

দল-মত, ধর্ম-বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।

তাঁর কাছে পদ-পদবি কিংবা ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসা, সম্মান, বিশ্বাস ও আস্থা অনেক বেশি মূল্যবান।

তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্ব হোক কিংবা সামাজিক নেতৃত্ব—প্রকৃত নেতৃত্বের ভিত্তি হওয়া উচিত মানুষের গ্রহণযোগ্যতা, সততা, যোগ্যতা, অভিজ্ঞতা ও জনকল্যাণের মানসিকতা। কোনো ব্যক্তি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক বলয়ের প্রতিনিধি না হয়ে সব শ্রেণি-পেশার মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পারলেই প্রকৃত অর্থে জনমানুষের নেতা হয়ে উঠতে পারেন।

এই ভাবনা থেকেই তিনি একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও উন্নত শাহবাজপুরের স্বপ্ন দেখেন। এমন একটি জনপদ, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শের প্রতিযোগিতা থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে; কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ, প্রতিহিংসা, বিভাজন কিংবা সংঘাতের কোনো স্থান থাকবে না।

অপ্রকাশিত স্বপ্ন: একটি আলোকিত ও কল্যাণমুখী সমাজ

মানুষ স্বপ্ন দেখে বলেই সামনে এগিয়ে যায়। কাজী রমিজ উদ্দিনও স্বপ্ন দেখেন। তাঁর স্বপ্নের কেন্দ্রে রয়েছে তরুণসমাজ, শিক্ষা, মানবিকতা, সামাজিক সম্প্রীতি এবং একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলার প্রত্যয়।

তিনি বিশ্বাস করেন, তরুণরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। তাদের সঠিক দিকনির্দেশনা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি চান, তরুণরা মাদক, অপরাধ, হতাশা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, সংস্কৃতি, মানবসেবা ও সৃজনশীলতার পথে এগিয়ে যাক।

তাঁর স্বপ্ন, দৌলতপুরসহ বৃহত্তর শাহবাজপুরের প্রতিটি শিক্ষার্থী শিক্ষার সুযোগ পাবে, অসহায় মানুষ সহযোগিতা পাবে, অসুস্থ মানুষ প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পাবে, সামাজিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে এবং ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের পাশে দাঁড়াবে।

জীবনের নানা প্রতিকূলতা, মামলা, কারাবাস, সমালোচনা ও সংগ্রামের অভিজ্ঞতা তাঁকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—মানুষের জীবন সীমিত, কিন্তু ভালো কাজের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই যতদিন বেঁচে থাকা যায়, মানুষের কল্যাণে কিছু কাজ করে যাওয়াই জীবনের প্রকৃত সার্থকতা।

তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতার সেই অমর পঙ্‌ক্তিগুলো তাঁর স্বপ্ন ও জীবনদর্শনের সঙ্গে যেন গভীরভাবে মিলে যায়—

“এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

কাজী রমিজ উদ্দিনের স্বপ্নও তেমনই—নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সমাজের অসংগতি দূর করার চেষ্টা করা এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ রেখে যাওয়া।

জীবনের পথচলায় তিনি কতটুকু সফল হয়েছেন, তার চূড়ান্ত মূল্যায়ন সময় ও মানুষই করবে। তবে সাংবাদিকতা, পেশাগত দায়িত্ব, সামাজিক কর্মকাণ্ড এবং নানা প্রতিকূলতার মধ্যেও নিজেকে এগিয়ে নেওয়ার যে নিরন্তর প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, সেটিই তাঁর জীবনের অন্যতম অর্জন।

তিনি হয়তো বড় কোনো রাজনৈতিক নেতা নন, ক্ষমতাধর কোনো ব্যক্তি নন কিংবা বিশাল সম্পদের মালিকও নন। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের পরিচিতির মধ্য দিয়ে যে অবস্থান তৈরি করেছেন, সেটিই তাঁর কাছে বড় প্রাপ্তি।

তাঁর বিশ্বাস—পদ-পদবি মানুষের পরিচয়কে সাময়িকভাবে তুলে ধরতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও কর্মই একজন মানুষকে দীর্ঘদিন মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে।

একজন কলমসৈনিকের অপ্রকাশিত স্বপ্ন তাই কেবল নিজের প্রতিষ্ঠা কিংবা ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি আলোকিত সমাজ, ঐক্যবদ্ধ শাহবাজপুর, শিক্ষিত ও মানবিক তরুণসমাজ এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো।

হয়তো জীবনের সব স্বপ্ন পূরণ হবে না। তবু স্বপ্ন দেখা থামবে না। যতদিন হাতে কলম থাকবে, যতদিন কাজ করার সামর্থ্য থাকবে, ততদিন মানুষের কথা বলার, সমাজের কল্যাণে কাজ করার এবং নিজের জন্মভূমির জন্য কিছু করে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কারণ, পরিচয় পদে নয়—পরিচয় কর্মে। আর জীবনের প্রকৃত সার্থকতা ক্ষমতা কিংবা সম্পদে নয়, মানুষের হৃদয়ে ভালোবাসা ও বিশ্বাসের জায়গা করে নেওয়ার মধ্যে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ
সিলেট বিভাগ

কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবে�া মেডিকে…

ভুক্তভোগী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও নিন্দা
সিলেট বিভাগ

ভুক্তভোগী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও নিন্দা

বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতল বাবু কর্তৃক মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা চত্বরের ব্যবসায়ী…

সিলেট বিভাগ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গ…

সিলেট বিভাগ

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে আড়াই হাজার প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)…