…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষায় দেশসেরা হিজলা নৌ পুলিশ, তবে জেলে হত্যা ও কম ডিম ছাড়ার প্রশ্নে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
মা ইলিশ রক্ষায় দেশসেরা হিজলা নৌ পুলিশ, তবে জেলে হত্যা ও কম ডিম ছাড়ার প্রশ্নে বিতর্ক
ছবি: সংগৃহীত

দাপ্তরিক হিসাবে মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে দেশের সেরা হয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে ১৪৫টি মামলা ও ৪২৯ জন আটকসহ নানা সাফল্যের স্বীকৃতি পেয়েছে তারা। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা: নিষেধাজ্ঞার সময় সংঘাত, হামলা ও গুলিতে এক জেলের প্রাণহানি ঘটেছে, কমেছে ইলিশের ডিম ছাড়ার হারও। এই সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অন্য দপ্তরের কর্মকর্তারাও।

এ বছর মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা ছিল ৮ থেকে ২৯ অক্টোবর। মৎস্য অধিদপ্তরের এই কর্মসূচি সফল করতে সহায়তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র জানায়, ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও নৌ পুলিশপ্রধান মো. রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা হয়। অক্টোবরে মা ইলিশের ২২ দিনের কার্যক্রম মূল্যায়নে সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি।

সভায় জানানো হয়, হিজলায় নৌ পুলিশের অভিযানে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের হয়েছে, আটক হয়েছেন ৪২৯ জন, জব্দ হয়েছে ১৩০টি নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল।

অপর দিকে মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ২২ দিনের অভিযানে হিজলা উপজেলায় ৭৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে, অভিযান হয়েছে ১১৮টি, জব্দ ইলিশের পরিমাণ ১ দশমিক ২৩৩ টন, মামলা হয়েছে ১০১টি এবং জেল হয়েছে ৮৯ জনের। একসঙ্গে অভিযান চালালেও দুই দপ্তরের ভিন্ন ভিন্ন মামলার হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।

হিজলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক খানের ভাষ্যমতে, এবার নিষেধাজ্ঞা নামেমাত্র হয়েছে। তার ওপর একজন জেলেকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী কারা, সবাই জানলেও প্রশাসন অজ্ঞাত কারণে কারও নাম শনাক্ত করেনি। তাঁর মতে, এবারের ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে সাফল্য দেখানোর মতো কিছুই নেই।

এদিকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কমেছে। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ জানিয়েছিলেন, তাঁর টিম ২ নভেম্বর পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করে দেখেছে, এবার মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কোথাও ৩০, কোথাও ৩৫ এবং কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ। অথচ গত বছর প্রজননের গড় হার ছিল ৪৮ দশমিক ২৭ ভাগ। নির্বিচারে নিধন ও নজরদারির অভাবেই এমনটা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিষেধাজ্ঞার শেষ দিন গত ২৯ অক্টোবর গুলিতে নিহত হন জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০)। তাঁর বাড়ি হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে। এ ঘটনায় ১৫ নভেম্বর আক্তারের স্ত্রী জাহানারা হত্যা মামলা করেন; মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন বলেন, নিহত জেলে আক্তার হোসেনের স্ত্রী জাহানারা হত্যা মামলা করেছেন এবং মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত করছে নৌ পুলিশ। তারা এর অগ্রগতি সম্পর্কে জানাতে পারবে।’

হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, ‘মামলাটি তদন্তাধীন আছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।’

তবে জেলে আক্তারের একাধিক সঙ্গী বলছেন, আক্তার হত্যায় নৌ পুলিশ জড়িত। তাঁদের ভাষায়, সেই নৌ পুলিশকেই মামলার তদন্ত করতে দেওয়ার বিষয়টি তামাশা।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, ‘২৬টি ক্যাটাগরিতে যাচাইয়ে হিজলা ফাঁড়ি দেশের সেরা হয়েছে। মৎস্য অধিদপ্তর তাদের আঙ্গিকে, আমরা আমাদের মতো করে কাজ করেছি।’ গত বছরের তুলনায় এ বছর জেলেরা আরও বেপরোয়া ছিল এবং নদী দখলে রেখেছিল প্রসঙ্গে তিনি বলেন, তিনি তিন মাস আগে যোগদান করেছেন, তাই গত বছরের সঙ্গে তুলনা করতে পারছেন না। তাঁরা প্রতিদিনই নদীতে ছিলেন। গত বছর মামলা ছিল ৪৬টি, এ বছর ১৪৫টি; অভিযান বেশি ছিল বলেই মামলাও বেশি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘এবার ২২ দিনের নিষেধাজ্ঞায় হিজলা উপজেলার মেঘনা নদীতে সহিংসতা অনেক বেশি ছিল। অভিযানের প্রথম দিন ৯ অক্টোবর অভিযানকারী দলের ওপর জেলেদের হামলায় মৎস্য অধিদপ্তরের স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোস্ট গার্ড ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ২২ দিনই মেঘনা নদীতে অভিযানে গেলেই হামলার মুখে পড়তে হয়। শেষ দিন গুলিতে একজন জেলে নিহত হন। তিনি এই হত্যা কামনা করেন না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা
আইন ও অপরাধ

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা

রাজশাহীতে গ্যারেজে রাখা একটি বাসে এবং ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের এ…

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
আইন ও অপরাধ

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বা…

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …