রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা

রাজশাহীতে গ্যারেজে রাখা একটি বাসে এবং ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
সাভারে ঘটনাটি ঘটে জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে। সেখানে লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল বলে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান।
শুক্রবার বেলা দেড়টার দিকে ওই বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তারা সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের আসন এবং ভেতরের ডেকোরেশন পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
রাজশাহী শহরের শাহমখদুম থানার দরগা খানকা শরীফের মোড়ের রাজ্জাকের গ্যারেজে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে যায়।
শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটি পুড়িয়েছে।
তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। শাহমখদুম থানার ওসি আকবর আলী বলেন, ধারণা করা হচ্ছে, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে মামলা হবে বলে জানিয়েছেন ওসি আকবর আলী। তিনি বলেন, বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাকে থানায় ডাকা হয়েছে। তিনি এলে থানায় এ ব্যাপারে একটি মামলা করা হবে।
বরিশালের উজিরপুর উপজেলায় শুক্রবার ভোরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার একটি কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




