…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে মারধর, মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোহাম্মদ সাব্বির খান (২৮) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছানোর পর স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।

হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ‘ইমাদ পরিবহন’-এর একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানান। ওই ব্যক্তি সাব্বিরের ফেসবুক প্রোফাইল দেখে ছাত্রদলে তাঁর পদ-পদবির বিষয়টি নিশ্চিত হন এবং বাসের পেছনের দিকে গিয়ে ফোনে কারও সঙ্গে কথা বলেন।

সাব্বির অভিযোগ করেন, এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।

সাব্বির বলেন, ‘তাঁদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। আমাকে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।’

সাব্বির আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অশালীন ও গালাগালমূলক বক্তব্য দিতে বাধ্য করেন। পরবর্তীতে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক আইডি থেকেই প্রকাশ করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে হামলাকারীদের চোখ ফাঁকি দিয়ে একটি মাঠ পেরিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে পিরোজপুরে পৌঁছান। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর শহরের সি-অফিস চত্বর থেকে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরে তাঁকে পিরোজপুরে নিয়ে আসা ইমাদ পরিবহনের অপর একটি বাসের (নম্বর ৩০৯১) চালক মোমেন উদ্দিন জানান, বেদগ্রাম এলাকায় সাব্বির কান্নাজড়িত কণ্ঠে তাঁদের বাস থামিয়ে মারধর ও সবকিছু ছিনিয়ে নেওয়ার কথা জানান এবং পিরোজপুরে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মানবিক দিক বিবেচনায় তাঁরা তাঁকে বাসে তুলে পিরোজপুরে নিয়ে আসেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে সাব্বিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘নিজ বাড়িতে ফেরার পথে ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন সাব্বিরকে বাস থেকে নামিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, সংগঠন হিসেবে ছাত্রদল সাব্বিরের পাশে রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাসের চালক-সহকারীসহ জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি পুলিশ জেনেছে। ওসি বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আইন ও অপরাধ

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হ…

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি
আইন ও অপরাধ

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমি…

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ৫৪ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪
আইন ও অপরাধ

আশুলিয়ার বাইপাইলে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল এসআরবি-৪

সাভার (ঢাকা) — ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন …