পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা, স্বর্ণ চোরাকারবারে সংশ্লিষ্টতা এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, অপূর্ব হাসানের নামে গোপালগঞ্জের কাশিয়ানী ও ঢাকার বাড্ডা এলাকায় জমি রয়েছে। কাশিয়ানীর বহালবাড়িয়া, রামদিয়া ও বড় নড়াইল মৌজার পাশাপাশি ঢাকার বড় বেড়াইদ মৌজাতেও তাঁর জমি রয়েছে।
ফাতেমা রহমানের নামেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন মৌজায় একাধিক জমি রয়েছে। এসব জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপূর্ব হাসানের নামে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধান চলাকালে অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী তাঁদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ সরিয়ে ফেলা হলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হতে পারে। এ কারণে স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন জানানো হয়।




