বাণিজ্য গোপনীয়তা চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপল তাদের বাণিজ্য গোপনীয়তা চুরি করেছে এবং হার্ডওয়্যার সরবরাহকারীদের কাছে তাদের পৌঁছানো বন্ধ করে দিয়েছে।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে এই পাল্টা দাবি দাখিল করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি। মামলায় ওপেনএআই বলেছে, অ্যাপলের কর্মী-নিয়োগের চর্চা এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মীরা ‘আটকে’ থাকেন এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রযুক্তি নিয়ে কাজ করতে না পারেন।
এর আগে অ্যাপলই প্রথম ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল। অ্যাপলের অভিযোগ ছিল, ওপেনএআই তাদের কর্মীদের ভাগিয়ে নিয়ে তাদের প্রযুক্তির তথ্য হাতিয়ে নিয়েছে।
গত জুলাইয়ে অ্যাপল ওপেনএআই ও তাদের সাবেক দুই কর্মীর বিরুদ্ধে মামলা করে অভিযোগ তোলে, ভোক্তা হার্ডওয়্যার খাতে ওপেনএআইয়ের প্রবেশের সুবিধার জন্য তাদের বাণিজ্য গোপনীয়তার অপব্যবহার করা হয়েছে। ওপেনএআই সেই অভিযোগ অস্বীকার করেছে।
মামলার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে অ্যাপল ও ওপেনএআই — কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এআই পণ্য তৈরির প্রতিযোগিতা তীব্র হওয়ায় মেধাবী কর্মী ও নিজস্ব প্রযুক্তি নিয়ে টানাটানিও বেড়েছে, আর সেই প্রতিযোগিতাই এখন আদালতের লড়াইয়ে গড়িয়েছে।
এই আইনি লড়াইয়ের কেন্দ্রে রয়েছে ভবিষ্যতের এআই ডিভাইসের নিয়ন্ত্রণ। এমন ডিভাইস হয়তো প্রচলিত অ্যাপ বা অপারেটিং সিস্টেম ব্যবহারই করবে না; আর সেসব ডিভাইস সফল হলে ভোক্তাদের মনোযোগ অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রিত পণ্য আইফোন থেকে সরে যেতে পারে।
বিশ্লেষকদের ধারণা, ওপেনএআই নিজস্ব একটি ফোন বা অন্য কোনো ডিভাইস তৈরির কাজ করছে।

