ক্যানসার চিকিৎসার পরের জীবন খুঁজতে তিন পাহাড়ে ওয়েলসের রাজকুমারী ক্যাথরিন, বিবিসির প্রামাণ্যচিত্র ‘হিল’

ক্যানসার ধরা পড়া, চিকিৎসা আর রোগমুক্তির ঘোষণার পর জীবনটা আসলে কেমন হতে পারে—সেই খোঁজেই ২৪ ঘণ্টায় ব্রিটেনের তিনটি সর্বোচ্চ পাহাড় চূড়ায় উঠেছেন ওয়েলসের রাজকুমারী ক্যাথরিন। তাঁর এই থ্রি পিকস চ্যালেঞ্জ নিয়েই বিবিসির নতুন প্রামাণ্যচিত্র ‘হিল’, যা রোববার থেকে বিবিসিতে প্রচারিত হবে।
চ্যালেঞ্জের দিনটিতে ছিল বৃষ্টি, পাহাড়ি কুয়াশা, আর শেষে জুনের হালকা রোদ। প্রামাণ্যচিত্রে দেখা যায়, ক্যাথরিন প্রথমে বেন নেভিস, তারপর স্ক্যাফেল পাইক এবং শেষে ইর উইদভা (স্নোডন) পাহাড়ে উঠছেন; ক্যামেরায় ধরা পড়েছে কেমোথেরাপির পরের জীবন খোঁজার এই যাত্রা, যাকে তিনি নিজে বলেছেন এক ধরনের ‘তীর্থযাত্রা’।
ক্যাথরিনের শরীরে ২০২৪ সালের মার্চে অনির্দিষ্ট ধরনের ক্যানসার ধরা পড়ে। কেমোথেরাপি শেষে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি রোগমুক্ত (রেমিশন) অবস্থায় আছেন বলে ঘোষণা দেন। ৩০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে তিনি বলেন, ‘আগের মানুষটিতে ফিরে যাওয়া খুব কঠিন।’
হাসপাতালের দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের শয্যায় চারপাশের পরিবেশ ছিল খুবই চিকিৎসানির্ভর—টাটকা বাতাস নেই, সবুজ নেই, সবকিছু ছিল কঠোর, অচেনা আর খালি খালি। অন্ধকার সময়টা ছিল ভয়ংকর ও দিশাহারা করে দেওয়ার মতো; তিনি বলেছেন, সেই সময়ে কেউ একজন তাঁর হাত ধরে ছিলেন—কথা বলেননি, কিছু ঠিক করার চেষ্টাও করেননি, শুধু পাশে ছিলেন—আর সেই উপস্থিতির জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। হাতটি কার ছিল—চিকিৎসক, নার্স নাকি স্বামীর—তা প্রামাণ্যচিত্রে বলা হয়নি।
এই চ্যালেঞ্জের মাধ্যমে তিনি লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করছেন, যে হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। তাঁর ভাষায়, এই যাত্রা হলো রোগ নির্ণয় ও চিকিৎসার পরের জীবন ও আরোগ্য কেমন দেখায়, তা অন্বেষণের সুযোগ; এর কোনো শেষ লক্ষ্য নেই, পথে যা আসে সেটাই এর অংশ।
তিনি জানান, চিকিৎসা শেষে রোগীরা প্রথাগতভাবে যে ঘণ্টা বাজান, তা তিনি বাজাননি—তিনি ‘অদ্ভুতভাবে জানতেনই না যে এমন প্রথা আছে’। এই পাহাড়যাত্রাই তাঁর কাছে সেই ঘণ্টা বাজানোর মুহূর্ত।
প্রামাণ্যচিত্রের প্রধান কণ্ঠ ক্যাথরিনের নিজের। তাঁকে কখনো একা হাঁটতে, কখনো ভাই জেমস মিডলটনের সঙ্গে হাঁটতে দেখা যায়; পথে অন্য তহবিল সংগ্রাহকদের সঙ্গে কথা, হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের সঙ্গে সাক্ষাৎ, পাবের সহায়তা গ্রুপ ও আর্ট থেরাপির দৃশ্যও রয়েছে। সরাসরি ক্যামেরায় কথা বলতে গিয়ে তিনি বলেন, ক্যানসারে মানুষ ‘এক অর্থে নিজেকে হারিয়ে ফেলে’ এবং তাঁকে আবার পূর্ণভাবে বাঁচতে শিখতে হচ্ছে।
স্ক্যাফেল পাইকের চূড়ায় জেমস মিডলটন ফোন বের করে প্রিন্স উইলিয়ামের পাঠানো ভয়েস নোট শোনান, যেগুলো রেকর্ড করেছিলেন তাঁদের সন্তান প্রিন্স জর্জ (১৩), প্রিন্সেস শার্লট (১১) ও প্রিন্স লুই (৮)। লুই বলে, ‘হ্যালো মামি। আমি তোমাকে খুব ভালোবাসি, আশা করি পাহাড়ে উঠতে তুমি ভালো করবে। মনে রেখো, আমি সবসময় তোমার হৃদয়ে আছি।’ জর্জ জানায়, সে ফ্লাইটরাডারে মায়ের পাহাড়ে ওঠা অনুসরণ করছে এবং মা ‘সত্যিই খুব শক্তিশালী’ দেখাচ্ছে; শার্লট বলে, মায়ের এই হাঁটা ও চ্যালেঞ্জ নিয়ে সে ‘খুব গর্বিত’।
ভয়েস নোট শুনে ক্যাথরিন চোখের পানি মুছে বলেন, সন্তানরাই তাঁকে হাসপাতাল থেকে বের হওয়ার কারণ দিয়েছিল, তারাই এই চ্যালেঞ্জ শেষ করার কারণ দেবে। একটি পাথরের ওপর পাথর রেখে তিনি বলেন, ‘এটা বাচ্চাদের জন্য।’
এ সপ্তাহে এক ব্যক্তিগত প্রদর্শনীতে ক্যাথরিন বলেন, ক্যানসার ‘জীবনের প্রতিটি দিককে গভীরভাবে প্রভাবিত করে’ এবং চিকিৎসার মধ্য দিয়ে ও তার পরের যাত্রায় শুধু ওষুধের চেয়ে বেশি কিছু লাগে, তা তিনি নিজে জানেন। তিনি বলেন, যাত্রাটি তিনি শুরু করেছিলেন একাকী অভিজ্ঞতা হিসেবে, কিন্তু দ্রুতই বুঝেছেন, মানুষের দুর্বলতা এমন কিছু নয় যা শুধু কাটিয়ে উঠতে হয় কিংবা যা অন্যদের থেকে আলাদা করে—এটি মানুষ হওয়ার অপরিহার্য অংশ, বরং এটাই মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করতে পারে।
প্রকৃতি তাঁর আরোগ্যে সাহায্য করেছে বলেও তিনি জানান। প্রামাণ্যচিত্রে তিনি বলেন, শারীরিকভাবে প্রকৃতিতে যেতে না পারলেও হাসপাতালের শয্যা থেকে তিনি প্রকৃতিকে কল্পনা করতেন; এখন সুস্থ হওয়ার পর সমুদ্র, গাছ আর পাহাড়ের জন্য তিনি গভীর টান অনুভব করেন।
তাঁর আশা, এই চলচ্চিত্র মানুষকে সহানুভূতিতে উৎসাহিত করবে এবং কঠিনতম সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোর আসল মূল্য দেখাবে। তাঁর ভাষায়, প্রতিটি দিন তাঁর কাছে ‘ফিরে পাওয়া একটি দিন’; আর প্রায়ই মানুষ ভাবে কিছু ঠিক করতে হবে, কিছু বলতে হবে বা কিছু করতে হবে—কিন্তু তা লাগে না, শুধু পাশে থাকলেই হয়, আর ভালোবাসা দেখতে এমনই।
‘হিল: ইউনাইটেড কিংডম’ রোববার দুপুর থেকে বিবিসি আইপ্লেয়ারে এবং একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিবিসি ওয়ানে দেখা যাবে।



