ক্যানসার কেন্দ্রের দাতব্য সংস্থার পৃষ্ঠপোষক হলেন প্রিন্সেস কেট

ওয়েলসের প্রিন্সেস কেট ব্রিটেনের ক্যানসার কেন্দ্র ও দাতব্য সংস্থা দ্য ক্রিস্টির পৃষ্ঠপোষক হয়েছেন। শুক্রবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
প্রায় পাঁচ মাস আগে, চলতি বছরের জুনে ম্যানচেস্টারের উইদিংটনে অবস্থিত দ্য ক্রিস্টির প্রধান কেন্দ্র পরিদর্শন করেছিলেন প্রিন্সেস কেট। ওই সফরে তিনি কর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ক্যানসার নিয়ে বেঁচে থাকা মানুষদের সংস্থাটি কীভাবে সহায়তা করে, তা জানেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে দ্য ক্রিস্টি বলেছে, এই পৃষ্ঠপোষকতা স্বাস্থ্য ফলাফল উন্নত করতে মানসিক, সামাজিক ও শারীরিক সুস্থতার ভূমিকা নিয়ে প্রিন্সেসের দীর্ঘদিনের আগ্রহ এবং চিকিৎসার পাশাপাশি সামগ্রিক যত্নের গুরুত্ব তুলে ধরার প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও উইদিংটন সফরের কথা উল্লেখ করেছেন কেট। তিনি লিখেছেন, দ্য ক্রিস্টি এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে গিয়ে তিনি নিজ চোখে দেখেছেন, ব্যতিক্রমী যত্ন কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়; গুরুতর অসুস্থতার সময় মানুষের পাশে থাকা মমতা, সম্পর্ক ও সহায়তাই সবচেয়ে কঠিন সময়ে আশা ও মনোবল ধরে রাখতে সাহায্য করে। সংস্থাটির পৃষ্ঠপোষক হতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
কেট তাঁর ক্যানসার যাত্রা নিয়ে কথা বলছেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরছেন ‘হিল’ নামের একটি নতুন প্রামাণ্যচিত্রে। এটি যুক্তরাজ্যে রোববার (২৯ নভেম্বর) এবং যুক্তরাষ্ট্রে পরদিন প্রচারিত হবে। প্রামাণ্যচিত্রটির একটি অংশ দ্য ক্রিস্টির উইদিংটন কেন্দ্রেও ধারণ করা হয়েছে।
প্রামাণ্যচিত্রটির ট্রেলারে কেট বলেন, ‘ক্যানসার আপনাকে বদলে দেয়। এটি আপনার শরীর বদলে দেয়, শারীরিকভাবে বদলে দেয়। কিন্তু ক্যানসার ধরা পড়া আপনার ভেতরে আরও অনেক গভীর কিছু বদলে দেয়।’
এর আগেও ক্যানসার গবেষণায় সহায়তা করেছেন প্রিন্সেস কেট। গত জুনে তিনি ক্যানসার রিসার্চ ইউকে নামের আরেকটি দাতব্য সংস্থার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
২০২৪ সালে নিজের ক্যানসার ধরা পড়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন কেট। কেমোথেরাপি ও চিকিৎসার পর তিনি রেমিশনে (রোগমুক্ত অবস্থা) আছেন জানিয়ে ২০২৫ সালে ধীরে ধীরে জনসম্মুখী দায়িত্বে ফেরেন। তবে তিনি কোন ধরনের বা কোন পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তা প্রকাশ করেননি। প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট তিন সন্তানের মা।



