তিতুমীর কলেজের সিরাজ ছাত্রীনিবাসের ফটকে ককটেল নিক্ষেপ, ব্যানারে বেঁধে রক্ষা

রাজধানীর বনানীতে সরকারি তিতুমীর কলেজের সিরাজ ছাত্রীনিবাসের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রীনিবাসটি বনানীর ২০ নম্বর সড়কের ২৫/২৭ নম্বর বাড়িতে অবস্থিত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি সাদা রঙের প্রাইভেটকারে করে এসে দুর্বৃত্তরা ছাত্রীনিবাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিক্ষেপ করা ককটেলটি ছাত্রীনিবাসের সামনে থাকা একটি ব্যানারে বাধা পেয়ে হলের ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ছাত্রীনিবাসটি।
ঘটনার সময় হলের পাশেই কয়েকজন কেয়ারটেকার অবস্থান করছিলেন। ককটেলটি তাদের কাছাকাছি নিক্ষেপ করা হলেও কেউ আহত হননি।
বিস্ফোরণের বিকট শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা প্রাইভেটকারে করে আসা ব্যক্তিরাই এ ঘটনায় জড়িত। তবে গাড়িটির নম্বর, দুর্বৃত্তদের পরিচয় কিংবা হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা ছাত্রীনিবাসের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। তারা সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ হলের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের দাবি তোলেন।
একই রাতে রাজধানীর ওয়ারী, হাতিরপুল, মিরপুর ও ধানমন্ডিতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে হাতিরপুল থেকে একজনকে আটক করেছে পুলিশ।



