ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসী নৌকা উদ্ধার, অন্তত আটজনের মরদেহ মিলল
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে উদ্ধার হওয়া একটি অভিবাসী নৌকায় অন্তত আটজনের মরদেহ পাওয়া গেছে। স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা শুক্রবার জানিয়েছে, নৌকাটিতে প্রায় ১০০ জন আরোহী ছিলেন।
উদ্ধার সংস্থাটি জানায়, নৌকার ভেতরে আট থেকে ১০টি মরদেহ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নৌকাটি এল হিয়েরো দ্বীপের ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণে পাওয়া যায়। সেখান থেকে নৌকাটিকে টেনে লা এস্তাকা বন্দরে নেওয়া হচ্ছিল বলে উদ্ধার সংস্থা জানিয়েছে।
একই সময়ে আরেকটি নৌকার ৮৪ জন জীবিত আরোহী এল হিয়েরোর প্রধান বন্দর লা রেস্টিঙ্গায় তীরে পৌঁছান। এই বন্দরে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনা কেন্দ্র ও একটি ফিল্ড হাসপাতাল রয়েছে।
আটলান্টিক মহাসাগরে উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের একটি অঞ্চল। সেখানে পৌঁছানো মানেই স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে পৌঁছানো, আর সে কারণেই পশ্চিম আফ্রিকার অভিবাসীদের জন্য এই দ্বীপপুঞ্জ অন্যতম প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে।
এই পথে আগমনের সংখ্যা ২০২৪ সালে রেকর্ড ৪৬ হাজারের বেশি ছিল। এরপর নজরদারি জোরদার করা এবং যাত্রা শুরু ও যাত্রাপথের দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হলে আগমনের সংখ্যা কমে আসে।
সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর উপকূলে টহল বাড়ায় যাত্রা শুরুর জায়গা আরও দক্ষিণে গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনির দিকে সরে গেছে। এতে সমুদ্রযাত্রা আগের চেয়ে দীর্ঘ ও বিপজ্জনক হয়ে উঠেছে।
অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আগমন আবার বেড়েছে। এই সপ্তাহের শুরুর দিকে এক দিনে রেকর্ড ২ হাজার ১০০ জন দ্বীপগুলোতে পৌঁছান, যাদের বেশিরভাগই গেছেন এল হিয়েরোতে। এই দ্বীপের বাসিন্দা মাত্র ১১ হাজার ৪০০ জন।
এই মাসের শুরুর দিকে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ১৪ নভেম্বর এক দিনেই উদ্ধারকারীরা প্রায় ১ হাজার ৫০০ জনকে তীরে নিয়ে আসেন।
আঞ্চলিক নেতা ফের্নান্দো ক্লাভিহো সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, মানবিক জরুরি অবস্থা এল হিয়েরোতে শুরু হয় না, তা শুরু হয় সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে, যেখানে ব্যবস্থা নিতে হবে। মৃত্যুর ঘটনায় তিনি গভীর বেদনা ও অসহায়ত্বের কথা জানিয়ে স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের কাছে পদক্ষেপ দাবি করেছেন।
এই মৃত্যুর ঘটনা ঘটল রোববার স্পেনের সাধারণ নির্বাচনের দুই দিন আগে, যেখানে অভিবাসন বিষয়টি অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে অভিবাসনের অর্থনৈতিক সুফলের সবচেয়ে সোচ্চার সমর্থকদের একজন, অন্যদিকে জনমত জরিপে এগিয়ে থাকা ডানপন্থিরা অনেক কঠোর নিয়ন্ত্রণ চায়।
প্রতি বছর হাজার হাজার অভিবাসী উত্তাল সাগর ও প্রবল স্রোতের ঝুঁকি নিয়ে জনাকীর্ণ নৌকায় পশ্চিম আফ্রিকা থেকে এই আটলান্টিক যাত্রা করেন। এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন পথগুলোর একটি, আর সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বরে সাগরের অবস্থা তুলনামূলক অনুকূল থাকায় এই সময়ে যাত্রা বেড়ে যায়।


