দাদার পত্রিকার বিনোদন পাতা দেখেই অভিনয়ের স্বপ্ন, এখন ‘গিরগিটি’তে পূর্ণিমা বৃষ্টি

তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি অভিনয় করছেন ‘গিরগিটি’ সিনেমায়। এর আগে তাঁকে দেখা গেছে ‘ঢাকা ড্রিম’ সিনেমায়। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি। হুট করেই আলোচনায় আসা এই অভিনেত্রীর অভিনয়ে আসার গল্পটা শুরু হয়েছিল ছোটবেলায়, দাদার পড়া পত্রিকার বিনোদন পাতা দেখে।
ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা। সেসব পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি দেখতেন পূর্ণিমা। ছবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবতেন, একদিন যদি তাঁকেও এভাবে দেখা যেত। তখনো অভিনয়ের জগতে পা রাখেননি তিনি; গান শিখতেন, আর মনে মনে লালন করতেন পত্রিকার পাতায় নিজের ছবি দেখার স্বপ্ন।
পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ছোটবেলায় দাদাকে নিয়মিত পত্রিকা পড়তে দেখতাম। আমাদের বাড়িতে প্রতিদিন দু-তিনটি পত্রিকা আসত। প্রতিটি পত্রিকার বিনোদন পাতায় বড় বড় অভিনয়শিল্পীর ছবি ছাপা হতো। সেগুলো আমাকে খুব টানত। তখন মনে হতো, একদিন যদি ওই পত্রিকাগুলোতে আমার ছবিও ছাপা হতো! বিশেষ করে প্রথম আলোর বিনোদন পাতার মতো জায়গায় যদি আমাকে দেখা যেত। আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ি।’
অভিনয়ে আসার গল্পটা অবশ্য খুব পরিকল্পিত ছিল না। ২০১৪ সালে আরটিভির অনুষ্ঠান ‘সারদ সাজের রঙের দিদি’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর বিজ্ঞাপনে কাজের সুযোগ আসে। তবে নিয়মিত অভিনয় শুরু করেন ২০১৭ সাল থেকে। বিজ্ঞাপন, নাটক, সিনেমা—ধীরে ধীরে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন তিনি।
২০১৪ সালে প্রতিযোগিতায় জয়ের পরপরই নিয়মিত অভিনয় শুরু করেননি পূর্ণিমা। তাঁর প্রথম কাজ ছিল একটি টেলিভিশন বিজ্ঞাপন। এরপর আরেকটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। নাটকে অভিনয়ের শুরুটা হয় ২০১৮ সালে ‘পাগল মন’ দিয়ে।
এত দিন বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকলেও এখন ফিকশনে বেশি মনোযোগী হতে চান তিনি। পূর্ণিমা বলেন, ‘টেলিভিশন বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতাম। তবে ফিকশনে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সহশিল্পীদের কাছ থেকেও শেখার সুযোগ থাকে। প্রত্যেকের অভিনয়ের ধরন আলাদা। তাঁদের দেখে নতুন কিছু শেখা যায়। আমার মনে হয়, ফিকশনে কাজ করলে অভিনয় আরও ভালোভাবে শেখা ও নিজেকে তৈরি করার সুযোগ পাওয়া যায়।’
তাই এখন নিয়মিত নাটকে কাজ করতে চান পূর্ণিমা। তাঁর অভিনীত তিনটি নাটক সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে। সামনে ঈদের নাটকেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ঈদ আয়োজনের কাজ করছেন তিনি।
অভিনয়ের ক্ষেত্রে কয়েকজন শিল্পীকে অনুসরণ করেন পূর্ণিমা বৃষ্টি। তাঁদের মধ্যে আছেন বিপাশা হায়াত, টনি ডায়েস, আফসানা মিমি ও জাহিদ হাসান। পূর্ণিমা বলেন, ‘বিপাশা হায়াত আপু, টনি ডায়েস ভাই, আফসানা মিমি আপু এবং জাহিদ হাসান ভাইয়ের অভিনয় আমার খুব ভালো লাগে। বিশেষ করে হুমায়ূন আহমেদ স্যারের নাটকগুলো। তাঁদের অভিনয় খুবই শালীন ও স্বাভাবিক। দেখতে আরাম লাগে। আমি তাঁদের কাছ থেকে শেখার চেষ্টা করি।’
কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও চরিত্রে অভিনয় করাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। বৃষ্টি বলেন, ‘আমার মনে হয়, অনেক কাজ করার প্রয়োজন নেই। কম কাজ করলেও ভালো গল্পে কাজ করতে চাই। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শকেরা স্বচ্ছন্দ বোধ করবেন, আনন্দ পাবেন এবং কিছু একটা শিখতে পারবেন। আমাকে যাঁরা চেনেন, তাঁরা যেন কাজ দেখে বলতে পারেন, ভালো অভিনয় করেছি।’
নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ঢাকা ড্রিম’ ও সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’। ‘ঢাকা ড্রিম’ সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি টরন্টোতে প্রদর্শিত হয়েছিল।
নিজের ক্যারিয়ারের সবচেয়ে পছন্দের কাজ হিসেবে দুটি প্রকল্পের কথা বলেন পূর্ণিমা। একটি বিজ্ঞাপন, অন্যটি নাটক ‘লাশের ছাড়পত্র’। বিজ্ঞাপনটি ছিল বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের নিয়ে; বিবাহবিচ্ছেদের পর একজন নারীকে পরিবার ও সমাজের নানা দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়, সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছিল তাতে।
‘লাশের ছাড়পত্র’ নাটকের গল্প দুর্ঘটনায় স্বজন হারানো একটি পরিবারকে ঘিরে। দুর্ঘটনার পর ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়ার কারণে স্বজনদের যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটিই গল্পের বিষয়। নাটকটির শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন পূর্ণিমা যে হাসপাতাল থেকে বের হওয়ার সময় কয়েকজন তাঁকে প্রশ্ন করেছিলেন, তাঁর বাবা মারা গেছেন কি না।
ছোটবেলা থেকেই গান শিখেছেন পূর্ণিমা বৃষ্টি। তবে নিয়মিত চর্চা করা হয়নি। সম্প্রতি এনটিভিতে প্রচারিত ‘মায়ার ছায়া’ নাটকের শুটিংয়ে গান গাইতে শুনে পরিচালক তাঁকে একটি গান করার প্রস্তাব দেন। বৃষ্টি বলেন, ‘প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কারণ, তখন নিয়মিত চর্চা করতাম না। পরে স্টুডিওতে গিয়ে কয়েকবার শুনে গানটি রেকর্ড করি। প্রকাশের পর সবার কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। এখন মনে হচ্ছে, গান নিয়েও নিয়মিত চর্চা করা উচিত।’
নারায়ণগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা পূর্ণিমা বৃষ্টির। প্রায় সাত বছর ধরে পরিবারের সঙ্গে ঢাকায় থাকছেন। অভিনয় নিয়ে তাঁর পরিকল্পনা পরিষ্কার—ভালো অভিনেত্রী হতে চান, এমন কাজ করতে চান, যা তাঁকে দীর্ঘদিন দর্শকের মনে বাঁচিয়ে রাখবে।



