সারা দেশে শুষ্ক আবহাওয়া, ঢাকায় সকালে তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ২ ডিগ্রি

আজ শনিবার (২৮ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
অগ্রহায়ণ মাসের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও রাজধানীতে শীতের তেমন দাপট নেই। গতকাল শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ শনিবার একই সময়ে বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টায় দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।




