…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টাঙ্গাইলের রুহিৎপুরে বট-পাকুড়ের বিয়ে, দুই দিনের উৎসবে মাতল পুরো গ্রাম

নিজস্ব প্রতিবেদক

বর পাকুড়গাছ, কনে বটগাছ। মানুষের বিয়ের মতোই ছিল বরযাত্রী, শুভদৃষ্টি, সাত পাক, অগ্নিসাক্ষী, মন্ত্রপাঠ ও ভোজের আয়োজন। ব্যতিক্রমী এই বিয়েকে কেন্দ্র করে দুই দিন ধরে উৎসবমুখর হয়ে ওঠে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে শুরু হওয়া বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় শুক্রবার দুপুরে। সনাতন ধর্মীয় রীতি অনুসরণ করে আয়োজিত এ বিয়েতে অংশ নেন শত শত গ্রামবাসী।

স্থানীয়রা জানান, রুহিৎপুর গ্রামের পাশাপাশি থাকা প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড়গাছ ২০২৩ সালের অক্টোবরে ঝড়ে ভেঙে পড়ে। গাছ দুটির স্মৃতি ধরে রাখতে পাশেই নতুন করে বট ও পাকুড়ের চারা রোপণ করা হয়। তিন বছরের পরিচর্যায় গাছ দুটি বেড়ে উঠলে গ্রামের প্রবীণদের উদ্যোগে তাদের বিয়ের আয়োজন করা হয়।

গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে পাকুড়গাছটির নাম রাখা হয় ‘তীর্থ শিকদার’। আর বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে বটগাছটির নাম রাখা হয় ‘শুক্লা সরকার’।

বৃহস্পতিবার রাতে পুরোহিত মনতোষ গোস্বামীর মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের প্রথম পর্ব। প্রতীকী বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে ফিতা দিয়ে পথ আটকে দেয় শিশুরা। পরে ৫০০ টাকা দিয়ে ফিতা কেটে প্রবেশ করেন বরযাত্রীরা।

শুক্রবার বেলা ১১টায় গ্রামবাসীর অংশগ্রহণে বের হয় আনন্দ শোভাযাত্রা। দুপুরে অগ্নিসাক্ষী রেখে মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়। এ সময় নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে কয়েকশ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ।

গ্রামের প্রবীণ বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার জানান, পুরোনো গাছ দুটি ছিল এলাকার পরিচয়ের অংশ। সেই স্মৃতি ধরে রাখতেই নতুন গাছ লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।

কনের ভাই শিশির সরকার জানান, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া।

কনের বাবা পবিত্র কুমার সরকার বলেন, ১৯৯৬ সালে তার ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়ের স্মৃতি বাঁচিয়ে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে পাকুড়গাছটিকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা পূরণ হয়েছে বলে জানান চিত্ত রঞ্জন শিকদার।

পুরোহিত মনতোষ গোস্বামী জানান, ভারতে এ ধরনের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখানকার কিছু রীতিনীতি অনুসরণ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে পুরোনো গাছের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দুই পরিবারের মধ্যে গড়ে উঠেছে প্রতীকী আত্মীয়তার বন্ধন। ছড়িয়ে দেওয়া হয়েছে বৃক্ষপ্রেম ও পরিবেশ রক্ষার বার্তা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর
জাতীয়

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহ…

কাশিমপুর কারাগারের ফটকে পাঁচ মিনিটে মায়ের শেষ দেখা পেল তূর্য, প্যারোলে মুক্তি মেলেনি শর্মীর
জাতীয়

কাশিমপুর কারাগারের ফটকে পাঁচ মিনিটে মায়ের শেষ দেখা পেল তূর্য, প্যারোলে মুক্তি মেলেনি শর্মীর

কারাফটকে মায়ের শেষ স্পর্শ পেল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তূর্য (১৪)। শেষবারের মতো স…

প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে এলেন জেকুইন, পরিবারের অসম্মতিতে বিয়ে না করেই ফিরলেন
জাতীয়

প্রেমের টানে চীন থেকে দেবিদ্বারে এলেন জেকুইন, পরিবারের অসম্মতিতে বিয়ে না করেই ফিরলেন

প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে এসেছিলেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জেকুইন। তবে প্রেমিকার পরিবারের অসম্মতির কারণে শেষ পর্যন্ত…

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয়

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব …