…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সরকারি মেডিকেলে এমবিবিএসে আসন বাড়ল ২৭০টি, তালিকায় নতুন তিন কলেজ

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ২৭০টি আসন বাড়ানো হয়েছে। এতে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। পাশাপাশি সদ্য অনুমোদন পাওয়া তিনটি মেডিকেল কলেজেও এবার শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে।

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।

চলতি বছরের ১৩ মে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার। এটি ছিল দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ। এক মাস পর ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী এলাকায় অনুমোদন পায় নরসিংদী মেডিকেল কলেজ। আর ঢাকা মেডিকেল কলেজের এক কিলোমিটার দূরত্বে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেওয়া হয় ৯ নভেম্বর ২০২৬।

তিনটি প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামো এখনো নির্মাণ করা হয়নি। তবু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে নতুন তিনটি মেডিকেল কলেজের প্রতিটিতে ৫০টি করে এমবিবিএস আসন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস কোর্সে দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসনসংখ্যা ৫৪৫টি।

আসন বণ্টন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএসের ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসন ২২০টি। কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে ২০০টি করে আসন রয়েছে।

গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে আসন ১২৫টি করে। কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে আসন রয়েছে। রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে আসন ৭৫টি করে এবং হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০টি করে আসন রয়েছে।

বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬০টি, রাজশাহী মেডিকেলে ৫৯টি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ৫৬টি আসন রয়েছে। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল শের-ই-বাংলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।

দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে।

এক ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞান ও ইংরেজিতে ১৫ করে এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০।

ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসির জিপিএ থেকে ৪০ ও এইচএসসির জিপিএ থেকে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণদের ৩ নম্বর এবং আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে।

ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…

শিক্ষা

ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা

ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছ…

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাজির ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ই…