থাইল্যান্ডের ভিসটেকে পূর্ণ অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি বৃত্তি, আবেদনে লাগবে না ফি

থাইল্যান্ডের বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ভিসটেক) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি বৃত্তির ঘোষণা দিয়েছে।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য এই বৃত্তি দেওয়া হবে এবং আবেদনের জন্য কোনো ফি লাগবে না।
বিজ্ঞান, প্রকৌশল, জ্বালানি, আণবিক বিজ্ঞান, জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে এই বৃত্তিতে। মেধাবী শিক্ষার্থীদের থাইল্যান্ডে বিনা খরচে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
ভিসটেকের চারটি স্কুলের অধীনে বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল অব মলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), স্কুল অব এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) এবং স্কুল অব বায়োমলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসই)।
এমএসই ও ইএসই স্কুলে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন অথবা শেষ পর্যায়ে থাকতে হবে। যোগ্য বিষয়ের মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
বিএসই স্কুলে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যোগ্য বিষয়ের মধ্যে রয়েছে রসায়ন, প্রাণরসায়ন, জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান; কেমিক্যাল, বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং; এবং ফার্মেসি, মেডিকেল টেকনোলজি ও সংশ্লিষ্ট ফলিত বিজ্ঞানের বিষয়।
একই স্কুলে পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের ভালো একাডেমিক ফল থাকতে হবে অথবা আন্তর্জাতিক জার্নালে স্নাতকোত্তর পর্যায়ের গবেষণাপত্র প্রকাশিত থাকতে হবে।
অনলাইনে আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বা উদ্দেশ্যবিষয়ক বিবৃতি এবং ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে। ইংরেজি দক্ষতার ক্ষেত্রে টোফেল (আইবিটি), আইইএলটিএস অথবা সিইউ-টিইপি স্কোর গ্রহণ করা হবে; তবে ভর্তি কমিটি চাইলে এই শর্তে ছাড় দিতে পারে।
এর পাশাপাশি প্রকাশিত গবেষণাপত্র, পুরস্কার ও সম্মাননার বিবরণ এবং পোর্টফোলিওসহ অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রও জমা দেওয়া যাবে।
আগ্রহী শিক্ষার্থীদের ভিসটেকের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি স্কুলের জন্য আলাদা আবেদনের ব্যবস্থা রয়েছে; পছন্দের স্কুল নির্বাচন করে সংশ্লিষ্ট স্কুলের অধীনে থাকা ‘অ্যাপ্লাই’ অপশনে গিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।



