…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

রান্নাঘরে কাঠের টেবিলে চক হাতে পড়িয়ে ভাইরাল ভিয়েতনামের ৭৪ বছর বয়সী সাবেক শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
রান্নাঘরে কাঠের টেবিলে চক হাতে পড়িয়ে ভাইরাল ভিয়েতনামের ৭৪ বছর বয়সী সাবেক শিক্ষিকা
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলের থান হোয়া প্রদেশের জুয়ান তিয়েন গ্রামের একটি সাধারণ রান্নাঘর। সেখানে চুলার এক কোণে দাঁড়িয়ে পুরোনো একটি কাঠের টেবিলকে ব্ল্যাকবোর্ড বানিয়ে চক হাতে সমীকরণ আর পদার্থবিজ্ঞানের সূত্র লিখে চলেছেন ৭৪ বছর বয়সী বুই থি মাই। সামনে কোনো শিক্ষার্থী নেই, তবু ঠিক চার দশক আগের মতোই আবেগ আর নিষ্ঠা নিয়ে পাঠদান করে যাচ্ছেন তিনি।

সংসারের তাগিদে প্রায় ৪০ বছর আগে শিক্ষকতা ছেড়ে কৃষিকাজে নামতে হলেও শিক্ষার প্রতি তাঁর ভালোবাসা আজ সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

দরিদ্র মুওং নৃগোষ্ঠীর পরিবারে জন্ম নেওয়া বুই থি মাই শৈশবেই বাবাকে হারান। মায়ের একার সংগ্রামে বড় হয়ে ১৯৭২ সালে ২০ বছর বয়সে সপ্তম শ্রেণি পাসের পর তিনি নিজ এলাকায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে তিন বছরের শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন।

স্নাতক শেষ করে থান হোয়া প্রদেশের নু জুয়ান জেলা ও পরে জুয়ান ডু কমিউনে শিক্ষকতা শুরু করেন তিনি। তরুণ বয়সে শিক্ষকতার জীবন ছিল ভীষণ কঠিন। সামান্য বেতনে সংসার চলত না বলে স্কুল ছুটির পর বাড়তি কাজ করতেন তিনি। এমনকি জ্বালানি কাঠ কাটার জন্য মাঝেমধ্যে স্কুলে দা নিয়ে যেতেন।

অবশেষে ১৯৯০ সালে পরিবারের আর্থিক টানাপোড়েন চরমে পৌঁছালে ৩৮ বছর বয়সে শিক্ষকতা ছেড়ে এককালীন অবসর ভাতা নিয়ে পুরোদমে কৃষিকাজে নেমে পড়েন পাঁচ সন্তানকে মানুষ করার জন্য। তবে শ্রেণিকক্ষ ছাড়লেও পাঠদান আর শিক্ষার্থীদের স্মৃতি কখনোই তাঁকে ছেড়ে যায়নি। আজও প্রায় রাতেই তিনি স্বপ্ন দেখেন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছেন।

প্রায় দুই মাস আগে বুই থি মাইয়ের ছেলে বুই ভ্যান দুং মায়ের সেই অপূর্ণ ভালোবাসাকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেন। রান্নাঘরের এক কোণ পরিষ্কার করে পুরোনো কাঠের টেবিলটি দাঁড় করিয়ে দেন, সঙ্গে কিছু চক এনে দেন। কোনো পেশাদার ক্যামেরা ছাড়াই প্লাস্টিকের একটি ঝুড়ির ওপর মোবাইল ফোন রেখে প্রতিদিন প্রায় ৪৫ মিনিট ধরে মায়ের পাঠদানের ভিডিও ধারণ করতে শুরু করেন তিনি।

শুরুতে কেবল স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করা হলেও ফেসবুক ও টিকটকে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। এর মধ্যে একটি ভিডিওর ভিউ ২০ লাখ ছাড়িয়ে গেছে। ভিডিওগুলোর নিচে অসংখ্য মানুষ অঙ্কের সমাধানের চেয়েও বেশি প্রশংসা করেছেন শিক্ষকতার প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসার। অনেকেই সাদা চকের গন্ধ, পুরোনো দিনের স্কুলজীবন আর শৈশবের শিক্ষকদের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করেছেন।

বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে আগের পড়াশোনার অনেক পার্থক্য থাকলেও দীর্ঘদিনের চর্চিত সূত্র ও সমাধানের কৌশলগুলো এখনো নির্ভুলভাবে মনে আছে বুই থি মাইয়ের। তাঁর ভাষায়, ‘আমার কোনো লেসন প্ল্যানের প্রয়োজন হয় না, কারণ জ্ঞান আমার মনের ভেতর গেঁথে আছে। পড়ানো শুরু করলেই সব আপনা-আপনি মনে পড়ে যায়।’

জুয়ান তিয়েন গ্রামের প্রধান এবং তাঁরই প্রাক্তন ছাত্রী বুই থি তুয়েত জানান, শিক্ষকতা ছাড়ার পরও গ্রামের শিশুরা কঠিন অঙ্ক নিয়ে তাঁর কাছে ছুটে আসত এবং তিনি পরম মমতায় তা বুঝিয়ে দিতেন।

সম্প্রতি ২০ নভেম্বর ভিয়েতনামের ‘শিক্ষক দিবস’ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও প্রাদেশিক নেতারা তাঁর আধা-পাকা বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছেন। থান হোয়া প্রাদেশিক পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি নগুয়েন হং ফং তাঁর পেশাগত ভালোবাসার প্রশংসা করে বলেন, দর্শকেরা কেবল গণিত বা পদার্থবিজ্ঞানের সূত্র দেখার জন্যই ভিডিওগুলো দেখেন না, বরং তাঁর মাঝে প্রজন্মের পর প্রজন্ম ধরে চেনা এক আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি খুঁজে পান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা
লাইফস্টাইল

কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা

অফিসের সময় শেষ, কম্পিউটারও বন্ধ। তবু অনেকের মাথায় ঘুরপাক খেতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা — এই মেইলটা পাঠানো হয়নি, হিসাবটা শেষ করা হয়নি, কিংবা পিসিট…

ঋণ করে কেনা ক্যামেরা থেকে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার পিনু রহমানের
লাইফস্টাইল

ঋণ করে কেনা ক্যামেরা থেকে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার পিনু রহমানের

ঢাকার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটি ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। ড্রোন দিয়ে তোলা এমন একটি ছবি দিয়েই হামদান আন্…

সেন্ট মার্টিনের পরিচ্ছন্নতা অভিযান থেকে পিএডিআই ইনস্ট্রাক্টর: এক নারী ডাইভারের যাত্রা
লাইফস্টাইল

সেন্ট মার্টিনের পরিচ্ছন্নতা অভিযান থেকে পিএডিআই ইনস্ট্রাক্টর: এক নারী ডাইভারের যাত্রা

২০১৫ সালে সেন্ট মার্টিনে একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে গিয়ে সমুদ্রতলের দুনিয়ার সঙ্গে প্রথম পরিচয় হয় তাঁর। সেই অভিজ্ঞতার পর মালয়েশিয়ায় গিয়ে…

মির্জাপুরের রুহিৎপুরে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক অতিথির মধ্যাহ্নভোজ
লাইফস্টাইল

মির্জাপুরের রুহিৎপুরে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক অতিথির মধ্যাহ্নভোজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে ধুমধাম করে সম্পন্ন হয়েছে একটি পাকুড়গাছ ও একটি বটগাছের বিয়ে। পাকুড়গাছটির নাম দেওয়া…