কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা

অফিসের সময় শেষ, কম্পিউটারও বন্ধ। তবু অনেকের মাথায় ঘুরপাক খেতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা — এই মেইলটা পাঠানো হয়নি, হিসাবটা শেষ করা হয়নি, কিংবা পিসিটা বন্ধ করা হয়েছে তো। মনোবিজ্ঞানের ভাষায় অসমাপ্ত কাজ এভাবে মনে ঝুলে থাকার প্রবণতাকে বলা হয় জেইগারনিক ইফেক্ট।
১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জেইগারনিক এক গবেষণায় দেখান, মানুষ শেষ হয়ে যাওয়া কাজের চেয়ে মাঝপথে থেমে থাকা বা অসমাপ্ত কাজ বেশি মনে রাখে। তাঁর তত্ত্বাবধায়ক কার্ট লেউইন একটি ব্যস্ত রেস্তোরাঁয় লক্ষ করেছিলেন, ওয়েটাররা বড় বড় খাবারের অর্ডার বিল পরিশোধ না হওয়া পর্যন্ত নির্ভুলভাবে মনে রাখেন, কিন্তু বিল মিটে গেলেই তা ভুলে যান।
জার্মানির বন-রাইন-সিগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সাইরেকের মতে, মানুষের মস্তিষ্কের যেকোনো কাজ শেষ করার বা একটি সমাপ্তি পাওয়ার সহজাত চাহিদা থাকে। অসমাপ্ত কাজ মস্তিষ্কে সজীব থাকলে পরদিন কাজ শুরু করতে সুবিধা হয়, কিন্তু সপ্তাহান্তে বা ছুটির দিনে তা মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত ও অস্থিরতা তৈরি করে।
অধ্যাপক সাইরেকের পরামর্শ, সব কাজ একসঙ্গে শেষ করতে হবে এমন নয়। অসমাপ্ত কাজগুলো কাগজে বা ডায়েরিতে লিখে রাখতে হবে এবং পরদিন কখন কোনটি করা হবে, তার স্পষ্ট পরিকল্পনা করতে হবে। কাজটি লিখে রাখা হয়েছে এবং ভুলে যাওয়ার ভয় নেই — মস্তিষ্ককে এটা বোঝানো গেলে মন সহজে কাজ থেকে নিজেকে আলাদা করতে পারে।
ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ সায়েন্সের সহকারী অধ্যাপক জোয়ান ওংচোকোর মতে, ফোনের নোটিফিকেশন অবসর সময়েও মস্তিষ্ককে সমস্যার সমাধানে ব্যস্ত রাখে। অফিসের সময় শেষ হলে ই-মেইল বা কাজের মেসেজিং অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এতে কর্মজীবন ও পারিবারিক জীবনের দ্বন্দ্ব কমে এবং অবসর সময় উপভোগ করা যায়।
একটি কাজ শেষ না করে আরেকটিতে হাত দিলে মস্তিষ্কে তথ্যের অতিরিক্ত চাপ তৈরি হয়। এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময় মস্তিষ্কের বাড়তি শক্তি খরচ হয়। তাই সম্ভব হলে একটি কাজ পুরোপুরি শেষ করে তবেই পরের কাজে হাত দেওয়ার কথা বলা হয়েছে, যাতে মনের ভেতর জমে থাকা অসমাপ্ত কাজের বোঝা কমে।
লম্বা ছুটির আগে সব কাজ শেষ করার চাপ না নিয়ে এমনভাবে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যেন ছুটি শেষে ফিরে এসে সেখান থেকে সহজে আবার শুরু করা যায়। গবেষণায় দেখা গেছে, ছুটির আগে অসমাপ্ত কাজের জট কম থাকলে ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরে মানসিক প্রশান্তি বেশি থাকে।
গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশনাল সাইকোলজির সহকারী অধ্যাপক অলিভার ওয়েইগেল্টের মতে, কাজ শেষের সংকেত দিতে কিছু ছোট অভ্যাস জরুরি। হোম অফিস করলে কাজ শেষে ল্যাপটপ অন্য ঘরে সরিয়ে রাখা, কাছের পার্ক বা দোকান থেকে একটু হেঁটে আসা, কিংবা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া — এসবই সেই সংকেত হতে পারে। মনোবিজ্ঞানে একে ‘ডোরওয়ে ইফেক্ট’ বলা হয়; স্থান বদলালে মস্তিষ্ক পুরোনো কাজের স্মৃতি সরিয়ে নতুন পরিবেশের জন্য জায়গা তৈরি করে।
অসমাপ্ত কাজ কাজের প্রতি আগ্রহ ধরে রাখতেও সাহায্য করে, যাকে মনোবিজ্ঞানে ‘ওভসিয়ানকিনা ইফেক্ট’ বলা হয়। তবে কখন থামতে হবে, তা জানাও জরুরি। প্রতিদিনের ছোট এই অভ্যাসগুলো রপ্ত করতে পারলে কাজ শেষে মনকে ভারমুক্ত রাখা সহজ হয়।




