রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেরোবি শিক্ষার্থী অফিক হাসান অভি নিহত

রংপুর নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম অফিক হাসান অভি।
অফিক হাসান অভি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেরোবির শিক্ষার্থী জাকির জিম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান এবং অভিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসেছেন। অভির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


