হামের উপসর্গে এক দিনে হাসপাতালে ভর্তি ৯০৯ জন, আরও ৮ জনের মৃত্যু; মার্চ থেকে সন্দেহজনক রোগী ২ লাখ ৬৩ হাজার
দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৫৪ জনের শরীরে।
মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০৯ জনের বিপরীতে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।



