ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্বাস্থ্যের ওপর কাঁদানে গ্যাসের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মী ও স্বাস্থ্য গবেষকেরা।
১৭ অক্টোবর বিক্ষোভের তীব্রতা যখন সবচেয়ে বেশি, সে সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় ২২ হাজার কাঁদানে গ্যাসের গ্রেনেড ছোড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ ঘণ্টা ধরে প্রতি তিন সেকেন্ডে গড়ে দুটি করে গ্রেনেড ছোড়া হয়।
৪৬ বছর বয়সী নায়িমা দি পিয়েরো একটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করেন। এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হওয়ায় তিন বছর ধরে তাঁর প্রায় মাসিক হতো না বললেই চলে; মাসিক চক্র বন্ধ রাখতে তিনি জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবন করেন। কিন্তু ১৭ অক্টোবর ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার দুই দিন পর তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয় বলে তিনি দ্য গার্ডিয়ানকে জানান।
নায়িমা জানান, টানা ১০ দিন তাঁর এত বেশি রক্তক্ষরণ হয়েছে যে দিনে কয়েকবার তাঁকে পিরিয়ডের জন্য বিশেষ অন্তর্বাস বদলাতে হয়েছে। এরপর রক্তের জমাট অংশ বের হওয়া ও অসহনীয় পেটব্যথা শুরু হয়; ব্যথার কারণে তাঁর ঘুম ব্যাহত হচ্ছে, রাতে ব্যথানাশক ওষুধ ও গরম পানির ব্যাগের ওপর নির্ভর করতে হচ্ছে। তিনি বলেন, ‘আমি কখনো এত ক্লান্ত বোধ করিনি। চুলও পড়ে যাচ্ছে বলে আমাকে মাথায় স্কার্ফ পরতে হচ্ছে।’
শুরুতে নিজের শরীরে কী ঘটছে, তা বুঝতে পারেননি নায়িমা। তবে নভেম্বরের শুরুতে তিনি জানতে পারেন, ফ্রান্সজুড়ে হাজারো নারী একই ধরনের উপসর্গের কথা জানাচ্ছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়া সামাজিক বিক্ষোভের সময় পুলিশের কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার পর এসব সমস্যা দেখা দিয়েছে বলে তাঁদের অভিযোগ।
এ বছরের শরতে ফ্রান্সের বিক্ষোভের পর কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত প্রভাব অনুসন্ধানে গঠিত নারীবাদী সংগঠন ‘ল্যাক্রিমোস দ্য সাং’ ৯ হাজার ২০০ জনের বেশি নারী ও কিশোরীর বক্তব্য সংগ্রহ করেছে। তাঁদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। তাঁদের ৯৪ শতাংশই স্ত্রীরোগসংক্রান্ত বিভিন্ন উপসর্গের কথা বলেছেন—জরায়ুতে তীব্র ব্যথা, অস্বাভাবিক বেশি রক্তক্ষরণ ও মাসিক বন্ধ হয়ে যাওয়া; কেউ কেউ ব্যথায় হাঁটতে বা কাজে যেতে পারেননি, আবার কারও কারও কয়েক সপ্তাহ ধরে রক্তক্ষরণ হয়েছে।
দুজন জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে রক্তস্বল্পতা দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যাঁদের আর মাসিক হয় না—ঋতুবন্ধ হয়ে যাওয়া নারী, হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী ও টেস্টোস্টেরন হরমোনের চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যেও রক্তক্ষরণের অভিযোগ পাওয়া গেছে।
সংগঠনটি গর্ভপাতের কয়েকটি ঘটনার বর্ণনাও সংগ্রহ করেছে। কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন গর্ভবতী নারীর মধ্যে ১৫ জন গর্ভপাতের কথা বলেছেন। ১৭ জন জানিয়েছেন, তাঁদের পেটে চাপ অনুভব করা, ব্যথা ও রক্তক্ষরণ হয়েছে; দুজন জরুরি ভিত্তিতে স্ত্রীরোগ চিকিৎসা নিয়েছেন।
এক নারী জানান, কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে তিনি কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসেন; কয়েক মিনিট ধরে তাঁর মুখে গ্যাস লাগে। এরপর প্রচণ্ড বমি ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, প্রস্রাব করছি। সাত মাসের গর্ভাবস্থায় আমি সন্তান হারিয়েছি।’
বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছরের কম বয়সী নারী ও কিশোরীরা তুলনামূলক বেশি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে; তাঁদের উপসর্গের মাত্রা বেশি ছিল এবং বয়স্ক নারীদের তুলনায় দ্রুত উপসর্গ দেখা দিয়েছিল।
সংগৃহীত তথ্য বিশ্লেষণের নেতৃত্ব দেওয়া স্নায়ু-অন্তঃক্ষরা বিদ্যার গবেষক সোলেন রুজো বলেন, ‘মানসিক চাপের কারণে মাসিক চক্রে পরিবর্তন হতে পারে। মাসিক নির্ধারিত সময়ের আগে বা পরে হতে পারে। কিন্তু ঋতুবন্ধ হয়ে যাওয়া নারীদের অতিরিক্ত রক্তক্ষরণের ব্যাখ্যা শুধু মানসিক চাপ দিয়ে দেওয়া যায় না। একইভাবে, গর্ভপাতের ঘটনাও এর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়।’ সংগঠনটির প্রতিষ্ঠাতা এভা-লুনা তোলাঁস বলেন, বারবার কাঁদানে গ্যাসের সংস্পর্শে এলে দীর্ঘমেয়াদে প্রজননস্বাস্থ্যে কী প্রভাব পড়তে পারে, তা তাঁরা জানেন না।
কাঁদানে গ্যাসে ব্যবহৃত রাসায়নিক উপাদান ২-ক্লোরোবেনজাইলিডিন ম্যালোনোনাইট্রাইল বা সিএস গ্যাসের বিষক্রিয়া নিয়ে অধিকাংশ গবেষণা ১৯৮০-এর দশকের, যার বেশির ভাগই করা হয়েছিল পুরুষ প্রাণীর ওপর। কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসার পর মাসিকের সমস্যা নিয়ে বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়ে যাওয়া মাত্র দুটি গবেষণা প্রকাশিত হয়েছে; কোনোটিতেই সরাসরি কারণগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি, তবে গবেষকেরা কয়েকটি সম্ভাব্য জৈবিক প্রক্রিয়া শনাক্ত করেছেন, যার মাধ্যমে সিএস গ্যাস প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, নারীদের স্বাস্থ্যের ওপর কাঁদানে গ্যাসের প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণা খুবই সীমিত; অতীতের অল্পসংখ্যক গবেষণার বেশির ভাগই সামরিক পরিবেশে সুস্থ পুরুষদের ওপর পরিচালিত।
প্যারিসের পোর-রোয়াল মাতৃসদনের জরুরি বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ মাহা ঈদ বলেন, ২০ অক্টোবর দায়িত্ব পালনের সময় তিনি বেশ কয়েকজন রোগীকে দেখেছেন, যাঁদের মাসিকের সময় অসহনীয় ব্যথা ও এন্ডোমেট্রিওসিসের উপসর্গ বেড়ে গিয়েছিল। তিনি বলেন, আরও গবেষণা ছাড়া নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না; তবে সংস্পর্শের মাত্রা ও সময়ের ওপর নির্ভর করে সিএস গ্যাস টিআরপিএ১ রিসেপ্টর সক্রিয় করতে পারে, জরায়ুর ভেতরের আবরণেও এই রিসেপ্টর রয়েছে—এর ফলে জরায়ুতে সংকোচন শুরু হতে পারে, যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ঝুঁকি তৈরি করতে পারে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ২ নভেম্বর পার্লামেন্টের এক শুনানিতে বলেন, সরকার ২০২১ ও ২০২২ সালে নিজেদের উদ্যোগে গবেষণা চালিয়েছে; তাতে কাঁদানে গ্যাসের সংস্পর্শে বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি, তাই এর ব্যবহার বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই। তবে ওই দুটি গবেষণার কোনো প্রতিবেদনই প্রকাশ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, সিএস গ্যাস ভেঙে তৈরি হওয়া বিপাকজাত পদার্থের সম্ভাব্য কিছু প্রভাবের কথা বলা হলেও সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, আর মানসিক চাপেরও শরীরের ওপর ক্ষতিকর প্রভাব রয়েছে।
তবে স্বাস্থ্য গবেষকেরা প্রশ্ন তুলেছেন, পুলিশ সদস্যদের ওপর পরিচালিত গবেষণার ফল শিশু ও কিশোরদের ক্ষেত্রেও প্রযোজ্য কি না—সাম্প্রতিক বিক্ষোভে বিপুলসংখ্যক শিশু-কিশোর কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসেছিল। যুক্তরাষ্ট্রে কাঁদানে গ্যাসের সংস্পর্শের সঙ্গে হঠাৎ রক্তক্ষরণসহ মাসিকের সমস্যার সম্পর্ক শনাক্ত করা গবেষণার নেতৃত্ব দেওয়া আশা হাসান বলেন, শিশুদের ক্ষেত্রে এটি নিরাপদ—তা প্রমাণ করার দায়িত্ব সরকারের। অধিকারকর্মীদের দাবি, নতুন এসব বর্ণনা আরও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছে; একই সঙ্গে ফরাসি পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহারে আরও সতর্ক হওয়া উচিত।



