বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের
বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উঠে এসেছে এই বিপরীত চিত্র।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে হামে আনুমানিক ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০০০ সালের তুলনায় এই সংখ্যা ৯১ শতাংশ কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০০০ সাল থেকে হামের টিকা ছয় কোটির বেশি মানুষের জীবন রক্ষা করেছে। তবে মৃত্যু কমে এলেও বিশ্ব এখনো হামমুক্ত হওয়ার কাছাকাছি পৌঁছাতে পারেনি; ২০২৫ সালে বিশ্বে আনুমানিক ৯৮ লাখ মানুষ হামে আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ৫৯টি দেশে।
বিশ্বব্যাপী হামের টিকার প্রথম ডোজ পেয়েছে ৮৪ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৭৭ শতাংশ। অথচ রোগটির বিস্তার কার্যকরভাবে ঠেকাতে প্রতিটি জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশের দুই ডোজ টিকা নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশে চিত্রটি সম্পূর্ণ উল্টো। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৮ জনের। সন্দেহভাজন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৬২ হাজার।
স্বাস্থ্য অধিদপ্তরের ২৭ নভেম্বর পর্যন্ত বিস্তারিত হিসাবে সন্দেহভাজন হাম রোগী ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন, পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৬ জনের এবং সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের।
বাংলাদেশে চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব আট মাস পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। টানা ২৫৩ দিন পর গত ২৩ নভেম্বর প্রথমবারের মতো দেশে হাম বা হামসদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুহীন একটি দিন পার হয়, কিন্তু পরদিনই আবার নয়জনের মৃত্যুর খবর আসে।
নভেম্বরের প্রথম ২৩ দিনে দৈনিক সন্দেহভাজন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির গড় ছিল প্রাদুর্ভাব শুরুর পর থেকে সর্বোচ্চ। অর্থাৎ মৃত্যুর দৈনিক সংখ্যা কোনো কোনো দিন কমে এলেও সংক্রমণের ব্যাপকতা এখনো উদ্বেগজনক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান প্রাদুর্ভাবের পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে। ২০২৪ ও ২০২৫ সালে হাম-রুবেলার টিকার দেশব্যাপী সরবরাহসংকট, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং ২০২০ সালের পর দীর্ঘ সময় দেশব্যাপী সম্পূরক টিকাদান অভিযান না হওয়ায় বিপুলসংখ্যক শিশু সংক্রমণের ঝুঁকিতে পড়ে।
শুক্রবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের মোট আনুমানিক হাম সংক্রমণের ৪৭ শতাংশ ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে। এই অঞ্চলে প্রায় ৪৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আনুমানিক ১৬ হাজার ৮০০ জনের।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হাম প্রতিরোধে কার্যকর টিকা বহু দশক ধরেই রয়েছে; সংকটটি টিকার কার্যকারিতা নিয়ে নয়, সময়মতো প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া নিয়ে। অপুষ্টি, দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা, চিকিৎসা পেতে বিলম্ব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়াতে পারে।
চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদানের পাশাপাশি টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করা, টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে রোগের নজরদারি জোরদার করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



