কুয়াকাটায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার, বিস্ফোরকের দুটিসহ তিন মামলা

পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাদ্দাম সিকদার (৩২)। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




