ইবিতে অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর আতিকুর রহমান।
অফিস আদেশে বলা হয়, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় উপাচার্য এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার লালন শাহ হলের সামনে নির্মাণাধীন হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে নামকরণের দাবিতে মানববন্ধন করেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁরা হলটির সামনের ফটকে সাজিদ আব্দুল্লাহর নামে একটি ব্যানার টাঙান।


