এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার জেলায় জেলায় ডায়ালাইসিস সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’। সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ।
ডা. এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।
সারা দেশে কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণে দক্ষ জনবল তৈরির উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সব ধরনের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।



