প্রেসক্লাবের সামনে হুইপ দুলু: শেখ হাসিনা থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না
আওয়ামী লীগ ও শেখ হাসিনা যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ ততদিন শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দুলু বলেন, যতদিন পর্যন্ত পলাতক শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছেন। পরে তিনি আসবেন না এবং তখন বলবেন যে তাঁকে যেতে দেওয়া হলো না। এভাবে তিনি আওয়ামী লীগের কর্মীদের আবারও হতাশ করবেন বলে দুলু মন্তব্য করেন।
দুলু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না। তিনি যেকোনো অপশক্তি প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বরে আসার কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বরে আসবেন। আসলে একটা নাটক করবেন। উনি কীভাবে উঠবেন প্লেনে? উনি প্লেনে উঠতে পারবেন না। কারণ তিনি বাংলাদেশের বিচারে খুনি ও কনভিক্টেড। কোনো খুনি তো প্লেনে উঠতে পারেন না। তাঁর তো পাসপোর্ট নেই। সেটি বাতিল হয়ে গেছে।’
হুইপ দুলু বলেন, সে জন্য বাংলাদেশ তাঁকে ভারত সরকারের কাছে ফেরত চাইছে। আইন অনুযায়ী, ভারত সরকার একজন আসামিকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। পরে তাঁর ফাঁসি বা সাজা কার্যকর করা হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান তথা ৫ আগস্টের পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী ও তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও তিনি বলেন।
গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে দুলু অভিযোগ করেন, সেখানে থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে তিনি বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এলাকার এমপি ও সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে অগ্নিসন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা চিরতরে নির্মূল করা যায়।




