বিজয় সরণি ও আগারগাঁওয়ে কয়েক দিন ধরে তীব্র যানজট, কারণ জানাল ট্রাফিক পুলিশ

রাজধানীর বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘিরে কয়েক দিন ধরে হঠাৎ যানজট দেখা দিয়েছে। ছুটির দিন হোক বা কর্মদিবস, প্রায় প্রতিদিনই এ এলাকার সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও স্থবিরতা তৈরি হচ্ছে।
এই জট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাগুলোতেও। শনিবার বিকেল থেকেও একইভাবে যানজট ছড়িয়ে পড়তে দেখা গেছে।
পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিজয় সরণিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতির কারণে এই এলাকায় কয়েক দিন ধরে যানজট বেড়েছে।
অন্যদিকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬ ঘিরে ব্যাপক জনসমাগম হওয়ায় ওই এলাকা ঘিরেও যানজট হচ্ছে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।
এমন পরিস্থিতিতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম বলেন, বিজয় সরণি ও তেজগাঁও লাভ রোড র্যাম্প দিয়ে গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর টোল প্লাজায় টোল আদায়ের গতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।
তিনি বলেন, সেতু কর্তৃপক্ষের কর্মীরা টোল প্লাজায় অবস্থান নিয়ে হাতে কলমে (ম্যানুয়ালি) একটি একটি করে গাড়ির টোল নিচ্ছেন। এই ম্যানুয়াল কার্যক্রম কয়েক দিন ধরে চলছে এবং তা আগামী সোমবার পর্যন্ত চলবে। মঙ্গলবার থেকে এক্সপ্রেসওয়েকেন্দ্রিক এই অতিরিক্ত চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে।
ডিসি ট্রাফিক বলেন, এই এলাকা ঘিরে যানজট তীব্র হওয়ার দ্বিতীয় কারণটি হলো বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই মেলা। ছুটির দিন হওয়াতে বিকেলবেলা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ এই মেলায় ঘুরতে আসছেন।
মেলামুখী এই অতিরিক্ত মানুষ ও যানবাহনের প্রবাহ বিজয় সরণি ও আশপাশের এলাকার স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনাকে ব্যাহত করছে বলে তিনি উল্লেখ করেন।
কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, অফিস ছুটির সময় বিকেল ৪টার পর থেকে তেজগাঁও লাভ রোড দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য গাড়িগুলো বাঁয়ে ঘোরার চেষ্টা করে। কিন্তু র্যাম্পে উঠতে না পেরে যানবাহনের সারি তেজগাঁও এলাকা ছাড়িয়ে পেছনের দিকে সচিবালয় ও মতিঝিল পর্যন্ত গিয়ে ঠেকছে।
অন্যদিকে বিজয় সরণির র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার অপেক্ষায় থাকা গাড়ির জট পেছনের দিকে ফার্মগেট, সোনারগাঁও হোটেল মোড় এবং শাহবাগ পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় গাড়ি আটকে থাকলে রাস্তায় কেবল ট্রাফিক ব্যবস্থাপনা করে এই যানজট সমাধান করা সম্ভব নয়। টোল আদায়ের গতি বাড়লেই কেবল সড়কের গাড়িগুলো দ্রুত এগোতে পারবে।
সেতু কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন মহলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দ্রুত ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করতে জোর দাবি জানানো হয়েছে।
এ ছাড়া পান্থপথ, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার মূল সড়কেও অন্যান্য দিনের তুলনায় পরিবহনের ধীরগতি দেখা গেছে। স্থানীয় মানুষেরা বলছেন, ছুটির দিনে এসব এলাকার শপিং মল ঘিরে মানুষের ব্যাপক সমাগম হয়ে থাকে।




