২০২৬ সালে অনলাইনে জনপ্রিয় জেন-জি ও জেন-আলফার শব্দগুলো
১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই জেন-জি বা জেনারেশন জেড নামে পরিচিত। অপর দিকে ২০১২ সালের পর জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় জেনারেশন আলফা বা জেন-আলফা।
এই দুই প্রজন্মের ব্যবহৃত বেশ কিছু শব্দ ২০২৬ সালে অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনের বিভিন্ন ফোরামে এসব শব্দ নিয়মিত ব্যবহারের কারণে সমকালীন সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে।
কোনো ব্যক্তির অরা বলতে তার আবহ, আত্মবিশ্বাস এবং সে কতটা কুল বা আকর্ষণীয়, তা বোঝায়। অরা পয়েন্টস হলো এটি পরিমাপের একটি মজার উপায়। দারুণ কিছু করলে অরা পয়েন্ট বাড়ে, আর বিব্রতকর বা বোকামিপূর্ণ কিছু করলে পয়েন্ট কমে যায়।
একইভাবে কেউ যখন কুল হওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করে, তখন তাকে অরা ফার্মিং বলা হয়।
মগিং শব্দটির উৎপত্তি ম্যানোস্ফিয়ার বা পুরুষকেন্দ্রিক অনলাইন গোষ্ঠীর এএমওজি বা কোনো দলের আলফা পুরুষকে বোঝানোর শব্দ থেকে। তবে বর্তমানে এর অর্থ বিস্তৃত হয়েছে। এখন চেহারা, স্টাইল বা আত্মবিশ্বাসের দিক থেকে কেউ অন্য কাউকে বা কোনো কিছুকে ছাপিয়ে গেলে তা বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
ভাষাবিদ ও অভিধানপ্রণেতা গ্র্যান্ট ব্যারেট জানিয়েছেন, এই শব্দ তার মূল গোষ্ঠী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। মানুষ এর পেছনের ইতিহাস না জেনেই তা ব্যবহার করছে।
হুইমজি কেবল একটি শব্দ নয়, এটি একটি জীবনধারা। সাধারণ গ্রাম্য পরিবেশের মতো বেঁচে থাকা ও দৈনন্দিন জীবনকে রোমান্টিক করে দেখার আশাবাদী প্রবণতায় কৌতুকপূর্ণ ও খেয়ালি আচরণের প্রকাশ ঘটছে এই শব্দে। উজ্জ্বল রঙের পোশাক পরা, স্ক্রিন ছেড়ে বুননের মতো ঐতিহ্যবাহী কারুশিল্পের পোশাক পরাকে এই আচরণ বলা হয়।
আত্মোন্নয়ন বা নিজেকে নিখুঁত করার নেশার এই সময়ে ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘-ম্যাক্সিং’ প্রত্যয়টি প্রায় যেকোনো শব্দের সঙ্গেই যুক্ত হচ্ছে। যেমন লুকস-ম্যাক্সিং, স্লিপ-ম্যাক্সিং, প্রোটিন-ম্যাক্সিং বা ফাইবার-ম্যাক্সিং।
ডিকশনারি ডটকম এই শব্দকে তাদের বর্ষসেরা শব্দ ঘোষণা করেছে, যার অর্থ কোনো কিছু সর্বোচ্চ মাত্রায় করা বা যতটা সম্ভব উন্নত করা।
কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান নিয়ে তরুণদের উদ্বেগের কারণে এআই দিয়ে তৈরি কনটেন্ট বোঝাতে বেশ কিছু অবমাননাকর শব্দ তৈরি হয়েছে, যার শীর্ষে রয়েছে স্লপ। এখানে স্লপ বলতে এআই-নির্মিত নিম্নমানের ছবি ও ভিডিও বোঝানো হয়। অনেক ব্যবহারকারী এখন স্লপ-মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি তুলছেন।
একইভাবে স্লোপাগান্ডা স্লপ ও প্রোপাগান্ডার সমন্বয়ে তৈরি। এসব শব্দ জেনারেটিভ এআইয়ের তৈরি নিম্নমানের অপপ্রচার বোঝায়, যার আপেক্ষিক ব্যবহার ২০২৬ সালে ১ হাজার ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গ্র্যান্ট ব্যারেটের মতে, স্লাজ অনেকটা স্লপের কাছাকাছি হলেও দুটি এক নয়। একই স্ক্রিনে একাধিক ভিডিও বা উপাদান একসঙ্গে চালানো বোঝাতে স্লাজ ব্যবহৃত হয়। এর মূল বৈশিষ্ট্য হলো আসক্তি তৈরি করে দর্শককে দীর্ঘক্ষণ স্ক্রিনে আটকে রাখা।
২০০৫ সালের স্টার ওয়ারস: রিপাবলিক কমান্ডো ভিডিও গেমে ড্রয়েডদের ব্যঙ্গ করতে প্রথম ক্ল্যাঙ্কার শব্দটি ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এআই রোবট ও চ্যাটবটগুলোকে উপহাস করতে এই শব্দ ব্যবহার করা হচ্ছে।
আঙ্ক হলো আঙ্কেল বা চাচা শব্দের সংক্ষিপ্ত রূপ। আফ্রিকান-আমেরিকান ইংরেজি থেকে আসা এই শব্দে আত্মীয়তার সম্পর্ক বোঝানো পদ পরিবারের বাইরের মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তরুণেরা যখন মজা করে কাউকে আঙ্ক বলেন, তখন তাঁরা বোঝায় ব্যক্তিটি সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না বা বয়স্ক হয়ে গেছেন।
ব্যারেটের মতে, কণ্ঠস্বর ও সম্পর্কের ওপর ভিত্তি করে এটি কেবল অপমান নয়, স্নেহ বা সামাজিক সম্পর্কের অংশ হিসেবেও কাজ করে। টনি থর্নের মতে, বড়রা অনেক সময় বুঝতে পারেন না যে তরুণদের এসব শব্দের বড় অংশই ব্যঙ্গাত্মক বা নিছক মজা করার উদ্দেশ্যে বলা।

