স্বাধীনতা দিবসে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৮
আলবেনিয়ার রাজধানী তিরানায় শনিবার সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থী ও বিরোধীপক্ষের ডাকা এই বিক্ষোভে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা ছুড়ে রাস্তার ক্যামেরা ভাঙা এবং সরকারি ভবনের জানালা ভাঙার চেষ্টা করেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রধান বুলেভার্ড ঘন ধোঁয়ায় ঢেকে গেছে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বস্তু নিক্ষেপ চলছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা ও দুজন সাংবাদিকসহ আটজন আহত হয়েছেন।
এই বিক্ষোভ প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে চলা দীর্ঘ ধারাবাহিক সরকারবিরোধী আন্দোলনের সর্বশেষ পর্ব।
‘ফ্ল্যামিঙ্গো রেভোলিউশন’ নামে পরিচিত নেতৃত্বহীন এই আন্দোলন শুরু হয় গত মে মাসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত উপকূলীয় প্রকৃতি সংরক্ষণ এলাকায় একটি বিলাসবহুল হোটেল প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ থেকে আন্দোলনের সূত্রপাত হয়।
ওই প্রকল্প ঘিরে কথিত দুর্নীতির অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অক্টোবরে আন্দোলনে দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং তরুণদের জন্য সুযোগের অভাবের বিষয়গুলোও যুক্ত হয়।
২৮ নভেম্বর আলবেনিয়ায় সাধারণত জাতীয় উদ্যাপন ও সরকারি ছুটির দিন; এ বছর দেশটির স্বাধীনতা ঘোষণার ১১৪তম বার্ষিকী পালিত হচ্ছে। তবে এ বছর শিক্ষার্থী ও বিরোধী দলগুলো দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়ায় হাজারো মানুষ মধ্য তিরানায় জড়ো হন।
শনিবার রাজধানীতে ঢোকার ও বেরোনোর প্রধান সড়কগুলোতে পুলিশ মোতায়েন ছিল এবং যানবাহনে তল্লাশি চালানো হয়।
যুক্তরাজ্য থেকে তিরানায় আসা ৩৩ বছর বয়সী আরিয়ান লেশি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, তিনি বিশেষভাবে এই বিক্ষোভের জন্যই এসেছেন। তাঁর ভাষায়, ‘আমরা অনেক দিন ধরে ভুগছি। আমরা ইউরোপজুড়ে ও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছি; মনে হয় আমরা রাষ্ট্রহীন নাগরিক।’
লেশি আরও বলেন, ১৯৯০-এর দশকে কমিউনিজমের পতনের পর থেকে আলবেনিয়ার রাজনৈতিক দলগুলো ‘আর কাউকে প্রতিনিধিত্ব করে না’ এবং নতুন প্রজন্মের বুদ্ধিজীবী ও দেশের ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবেন এমন মানুষদের জন্য তাদের জায়গা ছেড়ে দেওয়া দরকার।
তিরানার বাসিন্দা অবসরপ্রাপ্ত সুজানা গিয়েতা এপিকে বলেন, তিনি তরুণদের জন্য এবং নিজের মতো যারা মাসে মাত্র ১২০ ইউরো (১৩১ ডলার) দিয়ে জীবন চালান, তাঁদের জন্য বিক্ষোভ করছেন। তিনি বলেন, ‘আমরা আশা করি এই ব্যবস্থা যাবে, এডি রামা যাবেন এবং এই দুর্নীতি শেষ হবে।’
অক্টোবরের শেষ দিকে সরকার পুলিশকে সরকারি প্রতিষ্ঠানের কাছে জমায়েত সাময়িকভাবে সীমিত করার এবং লুটপাটে জড়িত ও পরিচয় গোপনকারী বিক্ষোভকারীদের জরিমানা করার ক্ষমতা দেয়। এর পর থেকে বিক্ষোভে ভিড় কমেছে।
আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়ন পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের তদন্তের আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে উত্তেজনা কমানোর অনুরোধ করেছে।



