একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, বললেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে; এটি বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না, বরং এর মাধ্যমে অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পাবে।
সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না।’
বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করার ঘোষণাও দেন তিনি।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা বসব তবে জনগণের দাবি নিয়ে, আমাদের দলের দাবি নিয়ে নয়।’
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে; এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাতে আদালত হাত দিতে পারবে না, কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘নারী, শিশু ও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। সারা দেশে মাদকের ঝনঝনানি। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ।’
পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সরকার ও শিল্পমালিকদের।’
তিনি আরও বলেন, পোশাকশিল্পকে ধসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে—স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই শিল্প ধ্বংসের পেছনে তাদেরও কোনো হাত আছে কি না।


