১ ডিসেম্বরের মহাসমাবেশ হবে ইতিহাসের অন্যতম সমাবেশ, প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ হবে ইতিহাসের অন্যতম সমাবেশ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘আগামী পহেলা ডিসেম্বরের সমাবেশ হবে একটি ঐতিহাসিক সমাবেশ। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতাকে সুরক্ষা ও ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জনসমূহের সুফল দেশবাসীকে পৌঁছে দেওয়ার সমাবেশ এটি।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে সমাবেশে যোগদান করবেন, এতে ঢাকা মহানগর বিএনপির সকল থানা ও ইউনিটসহ সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তারা সমাবেশে যোগদান করার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে এটি বিজয়ের মাসের সমাবেশ।’
আবদুস সালাম আরও বলেন, ‘আমাদের নেতার হাত ধরেই এ দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। অতএব, এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা রক্ষা এবং দেশ রক্ষার যে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন, তা শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাসমাবেশটি বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
যৌথ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ১ ডিসেম্বরের বিজয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিট কমিটির সর্বোচ্চ প্রস্তুতির কথা তুলে ধরেন।
তানভীর আহমেদ রবিন সমাবেশটিকে নির্বিঘ্ন, সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম ইসলামসহ মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়া মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।
