আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ ও প্রতীকী অবরোধ, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বিক্ষোভ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল বের করেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে চার রাস্তার মাঝখানে অবস্থান নেয়।
এ সময় দলটির আহ্বায়ক খোমেনী ইহসানের নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতে পলাতক, জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রতিকৃতি এবং ভারতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। মিছিল থেকে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে হাসিনার ফাঁসি কার্যকর করো, করতে হবে’, ‘মোদির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
শাহবাগের সমাবেশে বক্তৃতা করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, গুমের শিকার নাগরিকদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী লেখক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও কবি জিহাদী ইহসান।
খোমেনী ইহসান তাঁর বক্তৃতায় বলেন, দুঃখজনকভাবে জুলাই বিপ্লবের পর বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। আর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর দলটিকে নানা কৌশলে পুনর্বাসন করা হচ্ছে। গোপালগঞ্জে লীগের সন্ত্রাস দেখার পর যখন লীগ নিষিদ্ধের কথা হচ্ছে, তখনো অপকৌশল করা হচ্ছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার: নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সংসদে ফ্যাসিবাদ নিষিদ্ধের আইন পাস করে তা সংবিধানে যুক্ত করতে হবে।’ এ দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে খোমেনী ইহসান বলেন, শাহবাগে আজকের প্রতীকী অবস্থান কর্মসূচি হলো ‘ডেমো’ (প্রাথমিক মহড়া)। কিন্তু শিগগির আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হলে শাহবাগ মোড় অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
দাবির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের সব অফিস ও সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। দলটির সব চিহ্নিত দুর্বৃত্ত নেতাকে রাজনীতিতে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। শেখ মুজিব-হাসিনা পরিবারের সদস্য ও জুলাই গণহত্যায় জড়িত কাউকেই রাজনীতি করতে দেওয়া যাবে না। যারা দলটির ‘জয় বাংলা’ স্লোগান দেবে, যারা দলটির পক্ষে টকশোতে কথা বলবে, তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিতে হবে বলে তিনি দাবি করেন।
খোমেনী ইহসান আরও বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দলটি ভারতের এজেন্টের ভূমিকা পালন করছে। তারা বারবার বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছে। আর প্রতিবারই জনগণকে বুকের রক্ত দিয়ে সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে হয়েছে।’
ভারত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের ৫ আগস্ট ভারতের সবচেয়ে বড় অ্যাসেট শেখ হাসিনার পতন হয়েছে। আশা ছিল, এরপর ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, সীমান্ত হত্যা বন্ধ করবে, অসম চুক্তিগুলোর অবসান ঘটাবে এবং অভিন্ন নদীতে পানির ন্যায্য হিস্যা দেবে। কিন্তু তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চাইছে। এ অবস্থায় তিনি আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ভারত খেদাও’ আন্দোলন শুরুর ঘোষণা দেন। তাঁর ভাষায়, দেশের কোথাও ভারতীয় পণ্য বিক্রি করতে দেওয়া হবে না, ভারত থেকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
সমাবেশে মঞ্জুর হোসেন ঈসা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন এবং রাজপথ থেকেই ফ্যাসিবাদকে চিরতরে নিষিদ্ধ করবেন। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজিদুল ইসলাম সুমনরা এখনো গুম, তাই আওয়ামী লীগকে কোনো ছাড় বা সমঝোতা চলবে না।
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো শিথিলতা দেখানোর সুযোগ নেই। পুলিশ যদি ডিমোরালাইজড হয়ে যায়, তাহলে যুক্তরাজ্যের ন্যায় নাগরিকদের মধ্য থেকে ভলান্টিয়ার পুলিশ নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। সাইয়েদ কুতুব বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে, এটি কারও দান নয়; সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না।
কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সদস্য সাকিব সামিন, সাইদুল ইসলাম ও জয়নুল আবেদিন, হাফেজ বায়েজিদ বোস্তামি প্রমুখ। খোমেনী ইহসান জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও ভারতীয় আধিপত্যবাদের অবসান না হলে শিগগির শাহবাগে লাগাতার ব্লকেড কর্মসূচি পালন করা হবে।



