মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন।
মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে মাদারীপুর শহরের থানতলী ও রাজৈর উপজেলার পাইকপাড়া এলাকায়ও আওয়ামী লীগের মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, কালকিনির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




