…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

১৬ ডিসেম্বর হাসিনার ফেরা ঘিরে পেট্রাপোল ও আখাউড়া সীমান্ত ঘুরলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর হাসিনার ফেরা ঘিরে পেট্রাপোল ও আখাউড়া সীমান্ত ঘুরলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থলসীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। নভেম্বর মাসেই তাঁরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দুটি আন্তর্জাতিক স্থলসীমান্তে গিয়েছিলেন।

প্রথমে গত রোববার ২২ নভেম্বর তাঁরা পেট্রাপোল অঞ্চলে যান। এরপর বুধবার ২৫ নভেম্বর তাঁরা আগরতলার কাছে আখাউড়া সীমান্তে যান।

তাঁদের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার প্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে দলীয় নেতৃত্ব। এসব সীমান্ত সফর সেই প্রস্তুতিরই অংশ। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত নেবেন তাঁদের নেত্রী নিজেই।

ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাঁদের আলোচনা হয়েছে। ত্রিপুরার সীমান্তে পরিদর্শনে যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন ইতিমধ্যে আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।

আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া শীর্ষ নেতাদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন। আখাউড়া সীমান্ত অঞ্চলে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে জাহাঙ্গির কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন শীর্ষ নেতা ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘এ নিয়ে আমাদের নেতৃত্ব দুটো এলাকায় গেলেন, আরও কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে। তবে সব সীমান্ত অঞ্চলে তো আর যাওয়া সম্ভব নয়। এই এলাকাগুলোয় ঘুরে তারা বুঝে নিতে চাইছেন যে নেত্রী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার প্রেক্ষিতে সেখানে যাতায়াত ইত্যাদির ব্যবস্থা কীরকম বা বাংলাদেশের দিকে সীমান্ত অঞ্চলেই বা কীরকম পরিস্থিতি, সে সবই বোঝার চেষ্টা হচ্ছে।’

জানা গেছে, দুটি সীমান্ত এলাকাতেই তাঁরা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি; বাইরে থেকেই পর্যবেক্ষণ করেছেন। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক করেছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তারা সামনে থেকে না হলেও দূর থেকে ওই নেতাদের চলাচলের ওপর নজর রেখেছিলেন।

দলটির অন্য এক নেতা বলেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত যদি এরকমটা হয় যে শেখ হাসিনাকে স্থলপথেই বাংলাদেশে ঢুকতে হচ্ছে, তাহলে কোন সীমান্ত দিয়ে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হতে পারে, সে ব্যাপারে আগাম প্রস্তুতি রাখতে হবে। সেই সব তথ্য জানতেই সীমান্তগুলি ঘুরে দেখছেন শীর্ষ নেতৃত্ব। এবং তিনি তো আর একা যাবেন না, তাঁর নিরাপত্তার প্রশ্ন আছে। তাই তাঁর সঙ্গে কিছু নেতা তো যাবেনই। কিন্তু কারা সঙ্গে যাবেন, সেটা নেত্রীই সিদ্ধান্ত নেবেন। সবটাই নির্ভর করছে দলনেত্রী কী সিদ্ধান্ত নেন, তার ওপরে।’

ওই নেতা আরও বলেছেন, ‘নেত্রী এবং আমাদের ফেরার বিষয় দুটি সম্পূর্ণ আলাদা। তাঁকে তো একা ছাড়া হবে না, নেতৃত্বের একাংশ নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকবেন। আর অনেকেই হয়ত তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের আগেই দেশে চলে যাবেন। বাকিরা কীভাবে যাব, সেই পরিকল্পনাও তিনিই চূড়ান্ত করছেন।’ তাঁর কথায়, ‘প্ল্যান এ, বি, সি, ডি তৈরি আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেত্রীর।’ তবে শেখ হাসিনার সেই সিদ্ধান্ত ভারত সরকারের অনুমতিক্রমেই নেওয়া হবে।

কিন্তু আদৌ ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, সেটাই এখনো স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেছেন, ‘বাংলাদেশে আমাদের দলীয় সহকর্মীরা নানা জায়গায় যে আন্দোলন চালাচ্ছেন, আগামী সপ্তাহে তার গতি প্রকৃতি দেখেই দেশে ফেরত যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে মনে হচ্ছে।’

দলটির কয়েকজন নেতা বলছেন, নেত্রী দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগে থেকেই বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা, যাঁরা ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে বা অন্যান্য দেশে চলে গিয়েছিলেন, তাঁদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কারা ইতিমধ্যে চলে গেছেন, সেই তথ্য দলটির নেতারা প্রকাশ করতে চাননি, কারণ তাতে তাঁদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হতে পারে বলে তাঁরা মনে করেন। ভারত ছাড়া অন্যান্য দেশে অবস্থান করছিলেন, এমন কয়েকজনও বাংলাদেশে ফিরে গেছেন; তবে এমন ব্যক্তিদের সংখ্যা হাতে গোনা।

দলটির একজন নেতা জানিয়েছেন, গত মাস দেড়েক সময়কালে শ’তিনেক তরুণ ও যুবক, যাঁরা দল ও ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনগুলোর নানা পর্যায়ের নেতা-কর্মী, তাঁরা বাংলাদেশে ফিরে গেছেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘আমাদের কোনো গোপন কৌশল নেই। যা পরিকল্পনা, সেটি একটি চলমান প্রক্রিয়া। আমরা যেমন দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি, তেমনই বিভিন্ন দেশে অবস্থানরত দলীয় কর্মী, সমর্থক বা শুভানুধ্যায়ীরা ধাপে ধাপে ফিরছেন ইতিমধ্যেই। তাঁদের কেউ গ্রেপ্তার হচ্ছেন বা নানা ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু ফিরেছেন অনেকেই।’

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, ‘কয়েক মাস ধরেই তো আমরা দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম, এখন সাংগঠনিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায় চলছে। বাংলাদেশের অভ্যন্তরে মাঠ পর্যায়ে যে সহকর্মীরা রয়েছেন, তাঁদের সংগঠিত করে নেত্রীকে স্বাগত জানাতে কারা কীভাবে ঢাকায় হাজির হবেন, সেটা চূড়ান্ত করছি আমরা।’

নেতারা জানাচ্ছেন, একদিকে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফেরার দিন ঘোষণা করেছেন, অন্যদিকে ‘প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি’র মধ্যেই দলকে পুনর্জীবিত করার চেষ্টা তাঁরা বছরখানেকের বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের ভেতরে থাকা দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত বৈঠক করেছেন শেখ হাসিনা।

অন্যদিকে, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এখনো কোনো সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল আবারও বলেছেন, তাঁরা বিষয়টি দেখছেন। ভারতের বিশ্লেষকরা বারবার বলেছেন, বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।

ল ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের যে আবেদন শেখ হাসিনা করেছেন, তার প্রেক্ষিতে তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে আইনি পথে শেখ হাসিনার দেশে ফেরার পথ এখনো দেখা যাচ্ছে না। তবু ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, নেত্রী দেশে ফিরবেন বলে প্রস্তুতি তাঁরা অব্যাহত রাখছেন এবং এরই অংশ হিসেবে সীমান্ত পর্যবেক্ষণসহ দেশে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে ভারতের কর্তৃপক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন কি না, সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের …

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬
রাজনীতি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল…