…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

নিজস্ব প্রতিবেদক

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে।

পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার ও রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।

একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

অ্যাকশন ম্যাট্রিক্সে শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা ও দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও প্রয়োজন অনুযায়ী যুক্ত করা হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে।

পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের কর্মপরিকল্পনায়ও এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।’

সড়ক মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসসকে বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।’ যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

সচিব আরও বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণও বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে। প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে এবং এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, বরং পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।’

পরিবহন বিশেষজ্ঞ, বুয়েট অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ ও প্রতীকী অবরোধ, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বিক্ষোভ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্…

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ার পর আটক ২০
রাজনীতি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ার পর আটক ২০

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক…

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের …