চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ার পর আটক ২০

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের আশঙ্কায় আগে থেকেই সিনেমা প্যালেস এলাকায় পুলিশ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এর মধ্যেই হঠাৎ ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মিছিলকারীরা শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে সিনেমা প্যালেস মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজসহ দলটির বিভিন্ন নেতার ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনের একটি দল হঠাৎ ব্যানার নিয়ে শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে সিনেমা প্যালেস মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে।



