ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ধাওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৬

ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর এক ব্যক্তির ধাওয়ায় ২৫ থেকে ৩০ জন তরুণ-যুবকের ছুটে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোরে, তবে গতকাল শুক্রবার রাতে ভিডিওটি ভাইরাল হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই তরুণ-যুবকেরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী। তারা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল করে ফেরার পথে এক পথচারী তাদের ধাওয়া দেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফজলুল কাদের চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী পৌরসভা শাখার ব্যানারে কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল করেন। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছিলেন।
ফজলুল কাদের চৌধুরী আরও বলেন, ফেরার পথে রেলগেট এলাকার মিদ্দাবাড়ি সড়কের মুখে গেলে একটি ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মিছিলে আসা এক যুবকের ধাক্কা লাগে। এরপর ওই যুবক গালমন্দ করায় নিরাপত্তা প্রহরী ক্ষেপে যান। একপর্যায়ে ওই যুবকের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ছবি দেখতে পেয়ে তিনি তাদের ইট-পাথর ছুড়ে ধাওয়া দেন।
মিছিলের একটি পৃথক ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ফেনী পৌর ছাত্রলীগের ব্যানারে ২০ থেকে ২৫ জন তরুণ-যুবক মিছিল করছেন। অংশগ্রহণকারীদের বেশির ভাগেরই মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও হাতে লাঠি ছিল। মিছিল থেকে দলীয় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি রঙিন ধোঁয়া ছিটানো হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। মিছিলে যারা অংশ নিয়েছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


