টেকনাফের হলবনিয়ায় লোকালয়ে আবার গুলিবিদ্ধ হাতি, ইট-পাথর নিক্ষেপে নতুন উদ্বেগ
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্যহাতিটি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে হাতিটি।
এ সময় হাতিটিকে লক্ষ্য করে একদল মানুষের ইট-পাথর নিক্ষেপের দৃশ্য একটি ভিডিওতে দেখা গেছে। এতে আহত হাতিটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, 'আজ আবার সেই অসুস্থ হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে। আমার ধারণা, হাতিটি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার শরীর ও পায়ে গুলির আঘাত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এটি খুবই দুঃখজনক যে লোকজন হাতিটিকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। এতে হাতিটি আরও অসুস্থ হয়ে পড়তে পারে।'
বাহারছড়ার বাসিন্দা মো. শরীফ বলেন, 'সকাল থেকে হাতিটি লোকজনের বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় মানুষ তাকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে। হাতিটি খুবই দুর্বল হয়ে গেছে। কয়েকটি বাড়িঘরও আংশিক ভেঙে গেছে। হাতিটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। তার ডান পা অনেকটা ফুলে গেছে বলে মনে হচ্ছে।'
এর আগে গত ১৮ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া যায়।
প্রায় এক সপ্তাহ আহত অবস্থায় বনে ঘোরার পর ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করে বন বিভাগ। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে চিকিৎসা দেয়। সে সময় শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলির ক্ষত পাওয়া যায়।
এরও আগে গত ১৬ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতিটিকে দেখা গিয়েছিল। তখন তার সঙ্গে আরেকটি সুস্থ হাতি ছিল; এখন শুধু অসুস্থ হাতিটিই লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে।
আহত হাতিটি বারবার লোকালয়ে চলে আসায় মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
হাতিটিকে উত্ত্যক্ত না করে নিরাপদে সরিয়ে নেওয়া এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


