টেকনাফ সীমান্তে আড়াই লাখ ইয়াবা জব্দ করল বিজিবি, মূল্য সাড়ে ৭ কোটি টাকা
কক্সবাজারের টেকনাফ উপজেলার জিম্বংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার মূল্য অন্তত ৭ কোটি ৫০ লাখ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে এই ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, আজ ভোররাত ৪টার দিকে ব্যাটালিয়নের জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছিল।
তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুজন ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখে টহল দল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকারবারিরা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় বলে জানান তিনি।
পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান অধিনায়ক।
তিনি আরও জানান, মাদক সরবরাহকারী ও এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।
অধিনায়ক বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।




