নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবার চালান লুট নিয়ে গোলাগুলি, হাসপাতালে মারা গেলেন শাহজাহান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক কারবারিদের দুটি পক্ষের গোলাগুলিতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম মো. শাহজাহান; তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
গোলাগুলির ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায়। একই ঘটনায় শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন; তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে আনছিল আটজনের একটি দল। তারা সীমান্তের ৪৮ নম্বর পিলারের পাশের ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে চালানটি লুটের চেষ্টা করে। তখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলির পর ১২ জনের সশস্ত্র দলটি ইয়াবার চালানটি লুট করে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক শনিবার রাত সাড়ে ১০টায় বলেন, মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় একটি চালান আনার সময় আরেকটি গোষ্ঠী সেটি লুট করতে গেলে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
ওসি জানান, গুলিবিদ্ধ দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল; সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়েছে। গোলাগুলি ও হতাহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ওসি মোজাম্মেল হক আরও বলেন, গোলাগুলিতে জড়িত দুটি পক্ষই মাদক পাচারের কারবারে জড়িত এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এসব দলের সদস্যরা পাচারের কাজ চালায়।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের কয়েকজন মূল হোতাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। ইয়াবা উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে সীমান্তের দুর্গম পাহাড়ে অভিযান চালানো পুলিশের জন্য অনিরাপদ বলেও ওসি উল্লেখ করেন।



