রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের করা মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেন বলে পুলিশ জানিয়েছে।
প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল হতে পারে—এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে কয়েক মিনিট মিছিল করে তাঁরা সরে পড়েন।
শহীদুল ইসলাম আরও জানান, মিছিল শেষে ১৫ জন দুটি অটোরিকশায় করে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজনই শিশু। বাকি সাতজন হলেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বলে উল্লেখ করেছে।
পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।




