…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, বাতিল হয়েছে ৫৫ কার্গো: এনার্জি কনফারেন্সে তিতুমীর

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের জন্য নির্ধারিত ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ঘাটতি পূরণে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে।

এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, দেশের জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সরাসরি এর প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়ে, রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়। পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দাম তথা মূল্যস্ফীতিতে।

জ্বালানি খাতের আর্থিক চাপের চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে ডিজেলের মজুত বাড়ানোর কথাও জানান তিনি। দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের পরিকল্পনা রয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশের গ্যাস সরবরাহ সক্ষমতা বাড়াতে নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। তাঁর মতে, এলএনজি আমদানিতে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানিনির্ভরতা, সরকারি ভর্তুকি এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি কমবে। তবে দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষ্য, ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতের ওপর নির্ভরশীল। ফলে ৮ থেকে ১২ বছর মেয়াদি বিনিয়োগ প্রয়োজন এমন প্রকল্পে অর্থায়ন কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

অন্যদিকে, সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তাঁর মতে, নীতিগত এই অসংগতির কারণে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

সম্মেলনে নীতিনির্ধারক, জ্বালানি খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা দেশের জ্বালানি নিরাপত্তা, আমদানিনির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

নতুন মজুরি ঘোষণার পর পোশাকশিল্পে স্বস্তি, অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন

নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের তৈরি পোশাকশিল্পে ফিরতে শুরু করেছে স্বস্তি ও কর্মচাঞ্চল্য। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে আশুলিয়া, গাজীপুর ও নারায…

খেলাপিরা ‘মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে’, অর্থমন্ত্রীর সামনেই বললেন রেহমান সোবহান
অর্থনীতি ও ব্যবসা

খেলাপিরা ‘মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে’, অর্থমন্ত্রীর সামনেই বললেন রেহমান সোবহান

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা …

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সব খাতে সেরা বিএসআরএম স্টিলস
অর্থনীতি ও ব্যবসা

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সব খাতে সেরা বিএসআরএম স্টিলস

বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ব…

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন…